ভারতের ‘যোগ দাদিমা’ বি নানাম্মালের মৃত্যু
ভারতের সবচেয়ে বেশি বয়সী ও অনুপ্রেরণাদায়ী যোগব্যায়াম গুরু ভি নানাম্মাল মারা গেছেন।
শনিবার তামিল নাডুর কোয়িমবাতোরের কাছে নিজ বাড়িতে ৯৯ বছর বয়সে প্রথিতযশা এই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।
কৃষক পরিবারে জন্ম নেওয়া নানাম্মাল কয়েক মাস আগেও দিনে শতাধিক শিক্ষার্থীকে যোগব্যায়াম শিক্ষা দিতেন। নিজের বাবার কাছেই যোগব্যায়ামের তালিম পেয়েছিলেন তিনি।
৫০টিরও বেশি যোগাসনে তিনি অত্যন্ত দক্ষ হয়ে উঠেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ১০ লাখেরও বেশি শিক্ষার্থীকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দিয়েছেন। এদের মধ্যে কয়েকশ জন এখন বিশ্বব্যাপী যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।
শ্রদ্ধাভরে তাকে ‘যোগ দিদিমা’ বলে ডাকা হতো। তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্ম শ্রী-তে ভূষিত হয়েছেন।
জীবনের শেষ দিকে তিনি ইউ টিউবের এক জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ৯৮ বছর বয়সেও তিনি যোগব্যায়ামের সবচেয়ে কঠিন আসনগুলো করে দেখাতে পারতেন। নিজের টেডমার্ক হয়ে ওঠা গোলাপী শাড়ি পরা অবস্থায় এ ধরনের আসন করে দেখানো তার বেশি কিছু ভিডিও গণমাধ্যম ও ইউ টিউবে দেখা যায়।
এক সপ্তাহ আগে তিনি নিজের বিছানা থেকে পড়ে গিয়েছিলেন, তারপর থেকেই অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
২০১৭ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নানাম্মাল তার সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন যোগ ব্যায়াম করাকেই কারণ বলে উল্লেখ করেছিলেন।
“স্বাস্থ্যকে অগ্রাধিকার দাও, তাহলেই সবকিছু অর্জন করা সম্ভব,” বলেছিলেন তিনি।
