আকাশে ফিরলেন অভিনন্দন, সঙ্গী বিমান বাহিনী প্রধান
পাকিস্তান থেকে ছাড়া পাওয়ার ছয় মাস পর প্রথম যুদ্ধবিমান উড়ালেন ভারতের বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
আনন্দবাজার জানায়, সোমবার পাঠানকোট বিমানঘাঁটি থেকে একটি মিগ-২১ নিয়ে আকাশে উড়েন অভিনন্দন। তার সঙ্গে ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। প্রায় ৩০ মিনিট আকাশে ছিলেন তারা।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জওয়ান নিহত হওয়ার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে অভিযান চালায় ভারত।
জবাবে পরদিন পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করলে ভারতীয় যুদ্ধবিমান সেগুলোকে ধাওয়া করে।
তাদের তাড়া করে উইং কমান্ডার অভিনন্দন মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে আজাদ কাশ্মীরের সাত/আট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েন।
সেখানে পাকিস্তানের যুদ্ধবিমান থেকে গুলি করা হলে অভিনন্দনের বিমানটি ধ্বংস হয়ে যায়। ইজেক্ট করে প্রাণে রক্ষা পেলেও পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন তিনি।
পরে ‘বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলে’ পাকিস্তান অভিনন্দনকে মুক্তি দেয়।
শত্রু শিবিরে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা এবং পাকিস্তানি সেনাদের কোনো তথ্য না দেওয়ার সাহস দেখানোর জন্য অভিনন্দনকে বীর চক্র সম্মান দেওয়া হয়েছে।
