২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির আবাসিক ভবনে আগুনে শিশুসহ ৬ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির জাকির নগরে একটি আবাসিক ভবনে আগুন লেগে দুটি শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 11:12 AM

Updated : 08 Apr 2022, 04:33 PM

মঙ্গলবার ভোররাতে চার তলা ওই ভবনটিতে লাগা আগুনে আরও ১১ জন আহত হয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।

জামিয়া মিল্লিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের কাছে ঘনবসতিপূর্ণ জাকির নগরের ওই ভবনটিতে স্থানীয় সময় ভোররাত প্রায় ২টার দিকে আগুন লাগে। একটি বৈদ্যুতিক সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। 

ঘুম ভেঙে আগুন দেখে কয়েকজন উপর থেকে লাফিয়ে পড়ে আহত হন। ভবনটি থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকাজ চালানোর সময় দুজন দমকল কর্মীও আহত হয়েছেন। আগুনে সাতটি গাড়ি ও ১৯টি মোটরসাইকেলও পুড়ে গেছে।

আহতদের মধ্যে পাঁচ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মালা। সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি। 

এক টুইটে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হতাহতদের পরিবারগুলোকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।