২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টকে ‘ফেরত পাঠালো ভারত’

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীবকে তার নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 01:53 AM

Updated : 08 Apr 2022, 04:32 PM

এ ঘটনার বিষয়ে প্রত্যক্ষভাবে জানেন এমন দুটি সূত্র শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

দুই দিন আগে আদীব অবৈধভাবে একটি টাগবোটে করে তামিলনাডু রাজ্যের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় বন্দর শহর ঠুথুকুডিতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন তারা। 

বন্দর ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিঙ্গাপুরের পতাকাবাহী যে টাগবোটটি আদীবকে বহন করে এনেছে তাদের মাধ্যমে তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টকে আটক করে।

ঠুথুকুডি বন্দরের এক কর্মকর্তা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আদীবকে একটি জলযানে করে ভারতীয় কোস্টগার্ডের জাহাজের পাহারায় মালদ্বীপে ফেরত পাঠানো হয়।

মালদ্বীপের রাজধানী মালে থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার অথবা সোমবারের মধ্যে আদীব মালদ্বীপে পৌঁছবেন বলে আশা করছেন তারা।

ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় যে দুটি সূত্র এসব তথ্য জানিয়েছেন তারা নাম প্রকাশ করেননি বলে জানিয়েছে রয়টার্স। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালদ্বীপের পুলিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। 

৩৭ বছর বয়সী আদীবকে ২০১৬ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামীনকে হত্যার ষড়যন্ত্র করার কথিত অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুর্নীতি ও সন্ত্রাসবাদের দায়েও দোষী সাব্যস্ত হয়েছিলেন আদীব। তার সর্বমোট ৩৩ বছর কারাদণ্ডের সাজা হয়েছিল। 

ইয়ামীনের বিরুদ্ধে অর্থপাচার মামলার প্রধান সাক্ষী আদীবকে এক সময় মালদ্বীপের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হতো।

আদীবের প্রতিনিধিত্ব করা লন্ডনভিত্তিক আইনী গোষ্ঠী গুয়ের্নিকা থার্টিসেভেন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাণের ভয়ে মালদ্বীপ থেকে পালিয়ে আসা আদীব ভারতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন এবং ‘ভারতের সুরক্ষা চেয়েছিলেন’।

এ ঘটনার বিষয়ে মন্তব্য জানার জন্য শনিবার গুয়ের্নিকা থার্টিসেভেনকে অনুরোধ করা হলেও বন্ধের দিন হওয়ায় তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

নয়াদিল্লি থেকে সরকারি একটি সূত্র বলেছে, “বৈধ কাগজপত্র না থাকায় ও নির্ধারিত প্রবেশ পথ দিয়ে প্রবেশ না করায় আদীবকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।”