কর্নাটকে ভাঙনের মুখে ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস জোট
বিদ্রোহ ও অন্তর্দ্বন্দ্বের জেরে ১১ বিধায়ক পদত্যাগপত্র জমা দেওয়ায় ভারতের কর্নাটক রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস-জনতা দল সেকুলার জোট সরকার খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে।
এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া বিধায়কদের মধ্যে আট জন কংগ্রেসের এবং তিনজন জনতা দল সেকুলারের (জেডিএস)। যদিও স্পিকার ওই সময় তার কার্যালয়ে ছিলেন না।
স্পিকার রমেশ কুমারকে না পেয়ে বিধায়কদের কয়েকজন ‘রাজ ভবনে’ গভর্নর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
১১ বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করা হলে বিধানসভায় কংগ্রেস-জেডিএস জোটের সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকির মুখে পড়ে যাবে। অথচ চরম এ সংকটে যার কান্ডারি হওয়ার কথা তিনি এখন দেশেই নেই।
কর্নাটকের মুখ্যমন্ত্রী জেডিএস নেতা এইচডি কুমারাস্বামী এখন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।
জেডিএসর পদত্যাগ করা এক বিধায়ক বলেন, “আমরা স্পিকারের কার্যালয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা গভর্নরকেও এ বিষয়ে জানিয়েছি। আমরা আমাদের পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ করছি।”
কর্নাটকের ২২৪ আসনের বিধানসভায় কংগ্রেস-জেডিএস জোটের আসন ১১৬। সরকার গঠনের জন্য অন্তত ১১৩টি আসন পেতে হবে।
তাই যদি ওই ১১ বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করা হয় তবে স্বাভাবিকভাবেই জোট সরকার ভেঙ্গে পড়বে।
গত বছর মে মাসে জোট গঠন করে কর্নাটকের ক্ষমতায় আসে কংগ্রেস-জেডিএস। কিন্তু শুরু থেকেই জোটের মধ্যে বিদ্রোহ এবং অন্তর্দ্বন্দ্ব চলছে।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি কর্নাটক কংগ্রেসের সভাপতি দিনেশ গুন্ডু রাওও এখন রাজ্যে নেই। তবে তিনি বিধায়কদের পদত্যাগের খবর শুনে দ্রুত ব্যাঙ্গালুরুর পথে রওয়ানা হয়েছেন বলে জানায় এনডিটিভি।
এদিকে, জাতীয় নির্বাচনে ভরাডুরি হওয়া কংগ্রেস এখন কর্নাটকের বিধানসভাও হাতছাড়া হয়ে যাওয়ার উদ্বেগে পড়েছে। দিল্লিতে দলের জ্যেষ্ঠ নেতারা শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে কর্নাটকে বিধায়কদের পদত্যাগের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির হাত আছে বলে অভিযোগ তুলেছে।
কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং বলেন, “যদি প্রধানমন্ত্রী এবং তার সরকারই নির্বাচিত রাজ্য সরকারগুলোর পতন ঘটাতে ভাঙনে উৎসাহ দেয় তবে কে সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করবে।”
কর্নাটকে বিজেপির দখলে ১০৫টি আসন। সেখানকার বিজেপির পক্ষ থেকে বলা হয়, কংগ্রেসের বিধায়কদের পদত্যাগের সিদ্ধান্তের পেছনে তাদের কোনো ভূমিকা নেই। বরং বর্তমান সরকারের পতন হলে বিজেপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানানো উচিত হবে বলে মত তাদের।
সর্বশেষ জাতীয় নির্বাচনে কর্নাটকে ২৮টি আসনের মধ্যে কংগ্রেস-জেডিএস জোট মাত্র একটি আসন পেয়েছে। বাকি সব আসনে বিজেপি জিতেছে।
জোটের মধ্যে নতুন করে বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠার এটাও একটা কারণ।
