কাবুলে তালেবান হামলায় নিহত ৩, আহত ৯০
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ট্রাক বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। পরে পাঁচ হামলাকারীর সবাইকে হত্যা করা হয়।
বিস্ফোরণে ৩৫টি শিশুসহ আরো অন্তত ৯০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালের ব্যস্ত সময়ে চালানো এ হামলার পর অন্তত তিন বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে প্রবেশ করে অবস্থান নেওয়ার পর তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়, সরকারি এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ঘটনার পরপরই ওই এলাকাটি ঘিরে ফেলে সেখানে প্রবেশের সবগুলো পথ বন্ধ করে দেয় বিশেষ বাহিনীগুলো।
“শক্তিশালী ওই বিস্ফোরণের পর বন্দুকধারীরা একটি ভবনে প্রবেশ করলে আফগান বাহিনীগুলোর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়,” বলেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি।
প্রায় সাত ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারীর সবাইকে হত্যা করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।
তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তি স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।”
মন্ত্রণালয়টির ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক বিভাগের কাছে বিস্ফোরক ভর্তি ট্রাকটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় আহতদের মধ্যে ৩৫ জন স্কুল শিক্ষার্থী রয়েছে বলে নিকটবর্তী একটি বেসরকারি স্কুলের পরিচালক নিমাতুল্লাহ হামদার্দ জানিয়েছেন।
কাবুলের এই এলাকাটিতে বেশ কয়েকটি সামরিক ও সরকারি ভবন আছে। আফগানিস্তানের ফুটবল ফেডারেশনের দপ্তরও এখানে। আহতদের মধ্যে ফুটবল ফেডারেশনের প্রধান ইউসুফ কারগারও রয়েছেন বলে ফেডারেশনের মুখপাত্র শাফি শাদাব জানিয়েছেন।
১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধ অবসানের লক্ষে কাতারের দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা চলার মধ্যেই এ হামলাটি চালানো হলো।
