২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে বাস, মেট্রোতে চড়তে পারবেন দিল্লির নারীরা

ভারতের রাজধানীতে সরকারি বাস ও মেট্রো চড়তে নারীদের আর কোনো খরচ বহন করতে হবে না বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 10:17 AM

Updated : 08 Apr 2022, 04:16 PM

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া এ পদক্ষেপ কার্যকরে বছরে দিল্লি সরকারের প্রায় ৭০০ কোটি রুপি খরচ হবে বলেও জানিয়েছেন তিনি।

আম আদমি পার্টির এ শীর্ষ নেতা সোমবার নারীদের গণপরিবহনের খরচ বহনে তার সরকারের নতুন এ কর্মসূচির কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভি।

“যারা বিনামূল্যে টিকেট কিনতে চাইবেন, তাদের ভর্তুকি নিতে হবে। অনেক নারীই পরিবহনের খরচ বহনে সক্ষম। যাদের সামর্থ্য আছে, তারা যদি নির্ধারিত মূল্যেই টিকেট কেনেন ও ভর্তুকি না নেন, তাহলে অন্যরা সহজেই এ সুবিধা নিতে পারবেন,” বলেন কেজরিওয়াল।

লোকসভা নির্বাচনে দিল্লিতে কোনো আসন জিততে না পারা আম আদমি পার্টি বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে নারী ভোট টানতে এ ‘চমকপ্রদ পথে’ হাঁটছে বলে অভিযোগ বিরোধীদের।

এপ্রিল-মে’র সাধারণ নির্বাচনে রাজধানীর ৭টি আসনের সব কয়টিই বিজেপির দখলে গেছে। কেজরিওয়ালের দল এমনকী কংগ্রেসের চেয়েও কম ভোট পেয়েছে, জানিয়েছে এনডিটিভি।

২০১৫-র বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের দল ৭০টি আসনের ৬৭টিতেই জয়ী হয়েছিল; বাকি তিনটি জিতেছিল বিজেপি।

সাম্প্রতিক বছরগুলোতে আম আদমি পার্টির জনপ্রিয়তায় চিড় ধরেছে, যে কারণে মুখ্যমন্ত্রীকে এ ধরনের অনেক কৌশলই নিতে হবে, ভাষ্য পর্যবেক্ষকদেরও।

“দিল্লির সরকারই একমাত্র সৎ সরকার; যারা আপনার অর্থ আপনার সুবিধার জন্যই ব্যয় করছে এবং এরপরও লাভে রয়েছে,” বলেন কেজরিওয়াল।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই দিল্লির সরকার নারীদের গণপরিবহন খরচ তুলে দেওয়ার পথে হাঁটছে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর।

“এই মুহুর্তে আমরা নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তিত। মেট্রো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। যদিও আমরা আপনাদের এই পদক্ষেপের প্রতিটি ধাপ সম্পর্কে জানাব,” বলেছেন তিনি।