বেঙ্গালুরুতে ছেলেকে ফাঁসিতে ঝোলালেন বাবা, মেয়ের ভিডিও
ভারতের বেঙ্গালুরু শহরে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি তার ১২ বছর বয়সী ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছেন, আতঙ্কে চিৎকাররত তার প্রত্যক্ষদর্শী কিশোরী কন্যা এই ঘটনার ভিডিও করেছেন।
এই ব্যক্তি তার ৩৮ বছর বয়সী স্ত্রীকেও হত্যা করেছেন, তবে স্ত্রী এসব ঘটনায় স্বামীকে সহায়তা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, তারা একটি চিট ফান্ড স্কিম পরিচালনা করতেন, কিন্তু প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়ায় দায় এড়াতে তারা পারিবারিকভাবে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।
এনডিটিভি জানিয়েছে, মনের ওপর চাপ সৃষ্টিকারী ওই ভিডিওটিতে অভিযুক্ত লোকটিকে ছোট একটি টেবিলের ওপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা বিছানার একটি চাদর দিয়ে ছেলের গলার চারপাশে বাঁধতে দেখা গেছে, ছেলেটি কোনা বাধা দিচ্ছে না। বাঁধা শেষ হলে তিনি তার হাতের মুঠো আলগা করে দেন, এতে ফাঁসিতে ঝুলে পড়া বালকটির শরীর এক সময় স্থির হয়ে যায়।
ভিডিওতে একজন নারীকেও মেঝেতে স্থিরভাবে পড়ে থাকতে দেখা গেছে।
রোববার ভোররাত ২টা থেকে ৩টার মধ্যে বেঙ্গালুরুর বিভূতিপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে।
এ ঘটনা গত বছরের উত্তর দিল্লির এক পরিবারের ১১ জনের মৃত্যুর ঘটনা স্মরণে করিয়ে দিয়েছে বলে মন্তব্য এনডিটিভির।
ওই ব্যক্তির ১৭ বছর বয়সী কন্যা তাদের ঘরের এই খবর প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে ফোন করেন। পুলিশে এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ওই কিশোরীর বক্তব্য তখনও রেকর্ড করা হয়নি বলে জানিয়েছিল পুলিশ।
