২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হলেন সোনিয়া

লোকসভা নির্বাচনে বাজে ফল করা কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন পদে ফিরেছেন সোনিয়া গান্ধী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2019, 11:56 AM

Updated : 08 Apr 2022, 04:15 PM

শনিবার লোকসভায় বিজয়ী কংগ্রেস সাংসদদের এক বৈঠকে তাকে এ দায়িত্ব দেয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন। নির্বাচিত সাংসদরা তাতে সমর্থন জানান।

গত ৫ বছর কংগ্রেসের সংসদীয় দলের প্রধানের দায়িত্বে ছিলেন কর্নাটকের মল্লিকার্জুন খাড়গে। এবারের লোকসভা নির্বাচনে তিনিও জিততে পারেননি।

কংগ্রেস নেতা সোনিয়া এর আগে ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছিলেন।

চেয়ারপার্সন হিসেবে সোনিয়া-ই লোকসভায় কে কংগ্রেসের দলনেতার দায়িত্বে থাকবেন, তা ঠিক করবেন।

চলতি বছরের এপ্রিল-মেতে হওয়া নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে মাত্র ৫২টি; গতবারের চেয়ে এ সংখ্যা ৮টি বেশি হলেও লোকসভায় বিরোধীদলের মর্যাদা পেতে কংগ্রেসের দরকার ছিল অন্তত ৫৫টি আসন।

সংসদীয় দলের এ বৈঠকে কংগ্রেসের বিজয়ী সাংসদরা ছাড়াও রাজ্যসভার সদস্য এবং জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন দলের সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকা রাহুল গান্ধীও।

বৈঠকে পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে প্রতিদিন উচ্চকণ্ঠ থাকতেও আহ্বান জানিয়েছেন রাজীবতনয়।

“প্রতিটি ভারতীয়র জন্য আপনাদের লড়াই করতে হবে। ঘৃণা, বিদ্বেষ, কাপুরুষতা, ক্রোধ আপনাদের বিরুদ্ধে লড়ছে, আপনাদেরকে তাই আরও আগ্রাসী হতে হবে,” বলেছেন তিনি।