কাবুলে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিস্ফোরণে নিহত ৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশ পথে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবারের এ হামলার ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন বলে পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরিচয় না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে হামলাকারী নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
ক্যাডেটরা বিশ্ববিদ্যালয়টি থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়। এই বিশ্ববিদ্যালয়টি আফগানিস্তানের প্রধান কর্মকর্তা প্রশিক্ষণ একাডেমিগুলোর একটি।
কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।
মস্কোতে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানের জ্যেষ্ঠ রাজনীতিকদের শান্তি আলোচনা চলার মধ্যেই এ হামলাটি চালানো হলো। তারা আফগানিস্তানে ১৮ বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে একটি সমঝোতায় পৌঁছতে রাশিয়ার রাজধানীতে আলোচনায় বসেছেন।
