২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে বিক্ষোভকারীদের ওপর ভারতীয় বাহিনীর গুলি, নিহত ১

কাশ্মীরের ভারত-নিয়ন্ত্রিত অংশে বিক্ষোভকারীদের ওপর দেশটির সেনাদের গুলিতে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 12:51 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

বুধবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাশ্মীরের সোপিয়ান জেলার পিনজোওরা গ্রামে বিক্ষোভাকারীদের ওপর ভারতীয় সেনাদের গুলিতে সাজিদ আহমেদ নামে এক বেসামরিক নিহত হয়েছেন বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

“দুটি মেয়েসহ অন্তত ২০ জন ছররা গুলিতে আহত হয়েছেন, এদের অনেকের চোখ জখম হয়েছে,” বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

সেনাদের গুলিতে আহত সাজিদকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আইজাজ আহমদ।

ওই গ্রামে দুই বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির সময় বিক্ষোভ শুরু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

দ্বিতীয় ঘটনাটি একইদিন কুলগাম জেলার মুহাম্মদ পোরা গ্রামে ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এখানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আরেকটি গোলাগুলির ঘটনার সময় অভিযান ব্যাহত করতে ভারতীয় সেনাদের ওপর পাথর ছুড়তে শুরু করে স্থানীয় বিক্ষোভকারীরা।

গ্রামটিতে সেনাদের গুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত একজন গুলিবিদ্ধ ও অন্যরা ছররার গুলিতে আহত হয়েছেন। হাঙ্গামার মধ্যে সেনাদের ঘেরাওয়ের মুখে পড়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও পুলিশ ও সেনাবাহিনীর মুখপাত্র সাড়া দেননি।

কাশ্মীরে ভারতীয় শাসনের বিরোধিতাকারী অনেক স্থানীয়ই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনাভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে বিক্ষোভে নেমে পড়েন।