উত্তর প্রদেশে ভাতিজাসহ মায়াবতীর দলের নেতা খুন
ভারতের লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশের পর সহিংসতায় আরও দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার উত্তর প্রদেশের বিজনোরে মায়াবতীর বহুজন সমাজ পার্টির এক নেতা ও তার ভাতিজাকে গুলি করে হত্যা করা হয়েছে, জানিয়েছে এনডিটিভি।
ওই দিন বিকালে হাজি আহসান (৫৫) তার ২৮ বছর বয়সী ভাতিজা শাদাবকে সঙ্গে নিয়ে তার অফিসে বসে ছিলেন। এ সময় দুই ব্যক্তি ভিতরে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডে তিন জন অংশ নিয়েছে বলে পুলিশের ধারণা।
“তিন জনের মধ্যে একজন অফিসের বাইরে অপেক্ষা করছিলেন, অপর দুজন একটি মিষ্টির বাক্সে পিস্তল লুকিয়ে নিয়ে ভিতরে ঢুকেন। তারা হাজি আহসানকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার ভাতিজা বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন তারা তাকেও গুলি করেন,” বলেছেন এক পুলিশ কর্মকর্তা।
ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় ব্যক্তিগত শত্রুতার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারীদের ধরতে পুলিশের কয়েকটি টিম তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছে তারা।
২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এ নিয়ে রাজনৈতিক কর্মীদের ওপর তিনটি হামলার ঘটনা ঘটল। এর সবগুলোই উত্তর প্রদেশে ঘটেছে।
রোববার আমেথিতে বিজেপি নেতা স্মৃতি ইরানির শীর্ষ স্থানীয় এক কর্মীকে গুলি করা হত্যা করা হয়। এরপর সোমবার সমাজবাদী পার্টির নেতা সাবেক আইনপ্রণেতা কমলেশ বাল্মিকিকে তার উত্তর প্রদেশের বুলান্দশহর জেলার বাড়িতে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
