লোকসভা নির্বাচন: পশ্চিম বঙ্গে শেষ প্রচারণা বৃহস্পতিবার
লোকসভা নির্বাচনের শেষ পর্বে পশ্চিম বঙ্গের প্রার্থীদের প্রচারণার শেষ সময়সীমায় পরিবর্তন এনেছে ভারতের নির্বাচন কমিশন।
পরিবর্তিত সময় সূচীতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৯টি আসনে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
নয়া দিল্লীর নির্বাচন কমিশন সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবরণীতে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।
বিবরণীতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রচারপর্ব শেষ করতে হবে।
কমিশনের আগের ঘোষণায় শুক্রবার সন্ধ্যা ৬টায় ভোটের প্রচার শেষ হওয়ার কথা ছিলো।
কমিশনের এই নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার পর কোনোভাবেই ভোটের প্রচার চালানো যাবে না। এমনকি ভোটের দিকে লক্ষ্য রেখে কোনো আমোদ-প্রমোদ বা গান বাজনার অনুষ্ঠানের মাধ্যমে লোকজন জড়ো করাও যাবে না।
একইসঙ্গে নির্বাচন কমিশন রাজ্যের দুই শীর্ষ কর্মকর্তা স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব ও সিআইডির এডিজিকে অনতিবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে।
গত মঙ্গলবার কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক উত্তাপের মধ্যে নির্বাচন কমিশনের কাছে থেকে এসব সিদ্ধান্ত এলো।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করছে।
লোকসভা নির্বাচনের সর্বশেষ সপ্তম পর্বে, ১৯ মে পশ্চিম বঙ্গের ৯টি আসনে ভোট হবে। আসনগুলো হচ্ছে, বারাসত, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবার, দমদম, জয়নগর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর ও মধুরাপুর।
সেদিন ভারতের উত্তর প্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে আসনে, বিহার ও মধ্য প্রদেশে ৮টি করে আসনে, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খন্ডের ৩টি ও চন্ডিগড়ের একটি আসনে ভোট্ হবে।
এ পর্যন্ত লোকসভা নির্বাচনের ছয়টি পর্বের ভোট শেষ হয়েছে। ইতোমধ্যে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৪৮৪ টির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আগামী ২৩ মে ভোট গণণা শেষে একসঙ্গে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
