পাকিস্তানি হোটেলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ‘অন্তত ৫’
পাকিস্তানের বন্দরনগরী গওয়াদরের একটি পাঁচ তারকা হোটেলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
রোববার দিনভর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্ল কন্টিনেন্টাল নামের ওই হোটেলটিতে তল্লাশি চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বেলুচিস্তান ন্যাশনাল আর্মির বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে। বিদেশিরা বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শুষে নিচ্ছে অভিযোগ করে চীনা ও বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলেও ভাষ্য তাদের।
শনিবার সেনাবাহিনীর পোশাক পরা অন্তত চার হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে পাঁচ তারকা এ হোটেলটিতে ঢুকে পড়েন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হামলাকারীদের ধরা হয়েছে কিনা, কিংবা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মারা পড়েছেন কিনা, পুলিশ সে প্রসঙ্গে কিছু বলতে রাজি হয়নি।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা রাও মুনির আহমেদ জিয়া রয়টার্সকে বলেছেন, তারা চারতলা বিশিষ্ট হোটেলটির তিনটি তলায় অভিযান শেষ করেছেন।
হামলার পর থেকে প্রায় ২০ ঘণ্টা উপরের তলায় অভিযান চলে।
হোটেলটি থেকে রোববার বিকালেও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছিল বলে জানিয়েছেন গওয়াদরের বাসিন্দা আবদুর রহিম বালুচ।
বিদ্রোহীদের হামলায় তিন নিরাপত্তা রক্ষী ও হোটেলটির দুই কর্মীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা। আহত হয়েছেন আরও চারজন।
ইরান ও আফগানিস্তান সীমান্তে অবস্থিত বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্বেও পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় দরিদ্র।
বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনও এ প্রদেশে দশকের পর দশক ধরে ক্রিয়াশীল। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি ইসলামি জঙ্গিগোষ্ঠীও বেশ সক্রিয়।
চীনের বেল্ট অ্যান্ড ইনফ্রাকচার প্রকল্পের অধীনে গওয়াদরে ৬ হাজার কোটি ডলার ব্যয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রবন্দরের কাজ চলছে।
বিভিন্ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট চীনা কর্মীরাই সাধারণত পার্ল কন্টিনেন্টালে থাকতো। তবে শনিবারের হামলার সময় বিদেশি কোনো অতিথি হোটেলটিতে ছিল না বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
