২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামনের চাকা খুলছে না, চালকের দক্ষতায় নিরাপদেই নামল বিমান

ল্যান্ডিং গিয়ার কাজ না করায় সামনের চাকা ছাড়াই মিয়ানমারের রাষ্ট্রীয় এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানকে এর চালক নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন বলে দেশটির সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 04:12 PM

Updated : 08 Apr 2022, 04:10 PM

এ নিয়ে মিয়ানমারে এক সপ্তাহের ব্যবধানে দুটি বিমান দুর্ঘটনায় পড়ল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে বুধবার ইয়াংগনে অবতরণের সময় তীব্র বাতাসের ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেলে ১৭ আরোহী আহত হয়েছিলেন।

রোববার স্থানীয় সময় সকালে যান্ত্রিক ত্রুটি সত্বেও এমব্রায়ের ১৯০ উড়োজাহাজটিকে মান্দালয় বিমানবন্দরে নিরাপদে নামানোয় চালকের প্রশংসা করেছেন মিয়ানমার সরকারের যাতায়াত ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উইন খান্ত।

“চালক অসাধারণ কাজ করেছে,” বলেছেন তিনি।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন খান্ত।

দেশটির রাষ্ট্রীয় ক্যারিয়ার- মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স জানিয়েছে, রোববার ইয়াংগন থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি মান্দালয়ে নামার সময় চালক এর সামনের চাকা অবমুক্ত করতে পারেননি।

অবতরণের আগে বিমানটির চালক ক্যাপ্টেন মিয়াত মোয়ে অং বিমানবন্দরের উপর দিয়ে উড়োজাহাজটিকে দুই দফা উড়িয়েও নেন- যেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটির ল্যান্ডিং গিয়ার নিচের দিকে আছে কিনা তা দেখতে পায়।

“চালক এরপর জরুরি ব্যবস্থাপনায় যা যা দরকার তা করা শুরু করেন, উড়োজাহাজটির ভার কমানোর জন্য তিনি জ্বালানিও পুড়িয়ে ফেলেন,” বিবৃতিতে বলেছে মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স।

ভিডিওতে দেখা গেছে, অবতরণের সময় বিমানটির পেছনের চাকা প্রথমে ভূমি স্পর্শ করে, এরপর সামনের অংশ নামিয়ে আনা হয়। ওই অবস্থায় কিছুদূর যাওয়ার পর ধোঁয়া উড়িয়ে বিমানটি থেমে যায়।

ক্রুরা পরে জরুরিভিত্তিতে যাত্রীদের বের করে আনেন।

বিমানটির যাত্রীসংখ্যা জানায়নি মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স। এ ধরনের বিমানে সাধারণত ৯৬ থেকে ১১৪টি আসন থাকে বলে এমব্রায়েরের ওয়েবসাইটে লেখা আছে।