২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিন্নাহ প্রধানমন্ত্রী হলে ভারত ভাগ হতো না: বিজেপি প্রার্থী

পণ্ডিত জওহরলাল নেহেরু যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে ‘জেদ না করতেন’ এবং মোহাম্মদ আলী জিন্নাহকে ওই পদে বসাতেন তাহলে ভারতবর্ষ ভাগ হতো না বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি দলীয় (ভারতীয় জনতা দল) এক প্রার্থী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 01:11 PM

Updated : 08 Apr 2022, 04:10 PM

প্রার্থী গুমান সিং দামোর মধ্যপ্রদেশের রাতলাম লোকসভা আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে এনডিটিভি।

শনিবার এক নির্বাচনী প্রচার সমাবেশে বিজেপি এ প্রার্থী বলেছেন, “ভারতের স্বাধীনতার সময় জওহরলাল নেহেরু যদি প্রধানমন্ত্রীত্ব বিষয়ে একগুঁয়ে আচরণ না করতেন, তাহলে দেশভাগ হতো না। মোহাম্মদ আলী জিন্নাহ একজন আইনজীবী ও শিক্ষিত লোক ছিলেন। যদি জিন্নাহকে প্রধানমন্ত্রী করা হতো, তাহলে দেশ ভাগ হতো না। দেশ ভাগের মূল দায় কংগ্রেসেরই।”

ক্ষমতায় ফের আসীন হওয়ার লক্ষ্যে এবারের লোকসভা নির্বাচনের প্রচারে জাতীয় নিরাপত্তা ও পাকিস্তানবিরোধী অবস্থানেই বেশি জোর দিচ্ছে হিন্দুত্ববাদী দল বিজেপি।

এর মধ্যেই তাদের এক প্রার্থীর মুখ থেকে জিন্নাহকে নিয়ে এমন মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলবে বলে মনে করা হচ্ছে।

১১ এপ্রিল থেকে শুরু হওয়া ভারতের জাতীয় নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোট হচ্ছে রোববার। ১৯ মে সপ্তম ও শেষ ধাপের নির্বাচন হবে। ২৩ মে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।