২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ, আহত ৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটেছে, এতে অন্তত নয় জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 03:06 PM

Updated : 08 Apr 2022, 04:10 PM

তৃতীয় রোজার দিন বুধবারের এ ঘটনাটি একটি গাড়ি বোমার বিস্ফোরণ এবং আন্তর্জাতিক একটি ত্রাণ সংস্থাকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওহিদুল্লাহ মায়ার জানিয়েছেন, আহত নয় জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কাবুলের কেন্দ্রস্থলের অভিজাত এলাকায় হামলাটি চালানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডুলি ও ছিন্নভিন্ন দ্রব্য আকাশের দিকে উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক।

নও শহর এলাকায় বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি, তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

ওই এলাকা থেকে বিক্ষিপ্ত গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কায়িস জামান নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণস্থলটি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের নিকটবর্তী।

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলোকে ওই এলাকার দিকে যেতে দেখা গেছে।

তালেবান তাদের বার্ষিক বসন্তকালীন আক্রমণ শুরু করার ঘোষণা দেওয়ার পর থেকে কাবুলজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় আছে। তাদের ঘোষণায় তালেবান আফগানিস্তানের সরকার ও বিদেশি স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে।