২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে এসইউভির ধাক্কা, পশ্চিম বঙ্গে বিজেপি প্রার্থী হাসপাতালে

পশ্চিম বঙ্গের বনগাঁ লোকসভা আসনের বিজেপি প্রার্থীর গাড়ির সঙ্গে একটি স্পোটর্স ইউলিটি ভেহিকলের (এসইউভি) মুখোমুখি সংঘর্ষের পর আহত শান্তুনু ঠাকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 05:38 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

শনিবার সকালের এ ঘটনায় প্রার্থী শান্তুনুর দুই সহযোগীও আহত হয়েছেন বলে খবর এনডিটিভির।

ওই এসইউভির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এসইউভিটিতে পুলিশের একটি স্টিকার লাগানো ছিল। তবে গাড়িটি পশ্চিম বঙ্গ পুলিশের কি না, তা পরিষ্কার নয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সকালে শান্তুনু একটি নির্বাচনী রোড শোতে যোগ দিতে ঠাকুরনগরের বাড়ি থেকে কল্যাণীর পথে রওনা হয়েছিলেন, কিন্তু পথে তার গাড়ির সঙ্গে পুলিশের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বলে বিজেপির সূত্রগুলো জানিয়েছে। 

এ ঘটনার পর বিজেপির উত্তেজিত কর্মীরা গাইঘাটা থানা অবরোধ করেছিল। তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করেছে।

শান্তুনুর মাথা ফেটে গেছে ও তার একজন সঙ্গী জখম হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিজেপির সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়।

বনগাঁ আসনে মতুয়া মহাসঙ্ঘের প্রধান শান্তুনু তার নিজের বড় চাচী তৃণমূলের বর্তমান সাংসদ মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে তৈরি হওয়া উত্তেজনায় বিজেপি-তৃণমূলের মধ্যেও টানাপড়েন বেড়েছে। এ ঘটনাকে ওই উত্তেজনার সঙ্গে সম্পর্কিত দাবি করে ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেছে ভারতের শাসকদল বিজেপি। 

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক যজ্ঞ ভারতের লোকসভা নির্বাচন এবার সাতটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। ১১ এপ্রিল শুরু হওয়া নির্বাচনের চারটি পর্বের ভোট এ পর্যন্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৬ মে, সোমবার পঞ্চম পর্বের ভোট গ্রহণ করা হবে।  

১৯ মে সপ্তম পর্বের ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে। ২৩ মে ভোট গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।