পুরীতে আটকা পড়া পর্যটক ফণীর যে তাণ্ডব দেখলেন
ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার আগে ভারতের ওড়িশার পর্যটন শহর পুরী ছাড়তে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমানের শুভ্রা হাজরা চৌধুরী; কিন্তু পারেননি। হোটেলে বসে তাকে দেখতে হয়েছে ঝড়ের তাণ্ডব।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবের প্রত্যক্ষদর্শী শুভ্রা কলকাতার দৈনিক আনন্দবাজারকে বলেছেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা।
তার ভাষায়, “ভোর ৫টায় হাওয়ার শোঁ শোঁ শব্দে ঘুম ভেঙেছিল। তার পর সময় যত গড়িয়েছে, ততই দেখেছি প্রলয়নাচন! কখনও হুড়মুড় করে কাচ ভেঙে পড়ার শব্দ পাচ্ছি, কখনও থরথর করে কেঁপে উঠছে ঘর। খাটে শুয়ে বুঝতে পারছি, সেটা নড়ছে! আমি শুধু এক মনে জগন্নাথদেবকে ডেকে চলেছি। বলছি ‘প্রভু, রক্ষা করো’।
“শুক্রবার সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা হোটেলের ঘরবন্দি হয়েছিলাম আমি ও আমার মেয়ে টিনা। দুপুরে যখন বেরোলাম, দেখলাম হোটেল যেন তছনছ হয়ে গিয়েছে। রিসেপশনও লণ্ডভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড়। ফলস সিলিং ভেঙে মেঝেতে ছড়িয়ে রয়েছে প্লাইউড, কংক্রিটের টুকরো। বিরাট অ্যাকোরিয়ামের উপরের ঢাকনা খুলে জলের মধ্যে পড়ে রয়েছে। ভিতরে খাবি খাচ্ছে রঙিন মাছগুলো।”
“দুপুরে। ঝড় একটু কমতে নেমে দেখি, একতলায় যে ঘরটায় আমরা দুজনে ছিলাম সেটায় কেউ যেন বুলডোজার চালিয়ে দিয়েছে। সারা ঘর লণ্ডভণ্ড। জানলার শার্সি ভেঙে ছড়িয়ে রয়েছে। মেঝেতে জল, বালি থইথই করছে।”
“এ বার যে ঝড় দেখলাম তা সারা জীবন মনে থাকবে,” বলেছেন এই নারী।
পুরীর অনেকেই ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ছবি-ভিডিও তুলেছেন, যাতে পশ্চিমবঙ্গের এই বাঙালির কথার মতো ভয়াবহ দৃশ্য দেখা যায়।
শুভ্রা বলেন, ঝড়ের আভাসে বৃহস্পতিবার দলে দলে পর্যটকরা পুরী ছাড়লেও ট্রেনের টিকেট কিনতে গিয়ে পাননি তিনি। পাননি বাসের টিকেটও। তখন বাধ্য হয়ে হোটেলে ফিরে যান। ঝড় আঘাত হানার আগে হোটেলের কর্মীরা তাদের তিন তলার পেছনের দিকের একটি কক্ষে নিয়ে গিয়েছিলেন।
ঘূর্ণিঝড় ফণী শনিবার সকালে বাংলাদেশে ঢোকার সময় অনেকটা দুর্বল হয়ে পড়লেও শুক্রবার ভোরে পুরীতে যখন এটি আঘাত হানে, তখন এর কেন্দ্রে গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
