২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ফণী: পশ্চিমবঙ্গে পড়েনি ‘তেমন প্রভাব’

ওড়িশায় আঘাত হেনে দ্রুত শক্তি হারিয়ে ফেলায় ঘূর্ণিঝড় ফণী পশ্চিমবঙ্গে দাপট দেখাতে পারেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 10:43 AM

Updated : 08 Apr 2022, 04:08 PM

কলকাতায় শুক্রবার বিকাল থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হলেও বাতাসের গতিবেগ ৩৫ থেকে ৪০ কিলোমিটারের বেশি দেখা যায়নি।

এনডিটিভি বলছে, ঝড়ো হাওয়া পশ্চিমবঙ্গের অসংখ্য গাছ ও মোবাইল টাওয়ার উপড়ে ফেললেও ফণীতে মৃত্যু কিংবা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুই দশকের মধ্যে ভারতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’ ওড়িশা তছনছ শেষে অনেকখানি দুর্বল হয়েই পশ্চিমবঙ্গে ঢুকে। বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার পথে এটি আরও শক্তি হারায়।

ঝড়টির কারণে পশ্চিমবঙ্গের বিমানবন্দর প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকে। উপড়ানো গাছ, বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুতের লাইন ও খুঁটি রেললাইনের ওপর পড়ে থাকায় রেল যোগাযোগও বিঘ্নিত হয়।

ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগের বাতাস নিয়ে ওড়িশাজুড়ে তাণ্ডব চালানো এ ঝড়ে ভারতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যটির ১১ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গে আসার আগেই ফণী ‘অতি প্রবল’ থেকে দুর্বল হয়ে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

ঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর জন্য তাৎক্ষণিকভাবে এক হাজার কোটি রুপি ছাড় করার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ পেরিয়ে এই ঝড় ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে প্রবেশ করতে পারে শঙ্কায় সেসব এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

১৯৯৯ সালের ‘সুপার সাইক্লোনের’ পর এ অঞ্চলে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে ‘ফণী’কেই সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে।

দুই দশক আগের ওই ঝড় প্রায় ১০ হাজার প্রাণ কেড়ে নিয়েছিল।

পুরনো খবর:

ওড়িশায় ‘ফণী’ কেড়ে নিল ৮ প্রাণ, ব্যাপক ক্ষয়ক্ষতি