ঘূর্ণিঝড় ফণী: ওড়িশায় সতর্কতা জারি
হারিকেনের তীব্রতাসম্পন্ন অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় রাজ্যটিতে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
বুধবার এক ঘোষণায় ওড়িশা সরকার বৃহস্পতিবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, রাজ্যের ১১টি উপকূলীয় জেলা থেকে জারি থাকা নির্বাচনী বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে দেশটির নির্বাচন কমিশন; খবর এনডিটিভির।
ফণী ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়েছে বলে মঙ্গলবার রাতে ভারতের নৌবাহিনী জানিয়েছে।
শুক্রবার বিকালে দিকে ফণী ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে অন্ধ্র প্রদেশ, পশ্চিম বঙ্গ ও তামিল নাডুর উপকূলীয় এলাকাগুলোতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ওড়িশার পুরি, জগৎসিঙ্গপুর, কেন্ডরাপারা, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, গজপতি, গানজাম, খুরদা, কটক ও জয়পুর জেলা থেকে নির্বাচনী ‘মডেল কোড অব কন্ডাক্ট’ তুলে নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং উদ্ধার ও ত্রাণ উদ্যোগ নিশ্চিত করতে নির্বাচনী বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজ্যের পর্যটন শহর পুরি ত্যাগের জন্য পর্যটকদের পরামর্শ দিয়েছে ওড়িশার কর্তৃপক্ষ। প্রয়োজনীয় নয় এমন ভ্রমণসূচী বাতিল করতেও পর্যটকদের অনুরোধ করা হয়েছে। শুক্র ও শনিবার জেলাটি ঘূর্ণিঝড়ে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিম বঙ্গে সেনাবাহিনী ও বিমান বাহিনীর ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর জন্য জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে।
ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ওড়িশার ২৮টি জেলা, অন্ধ্র প্রদেশের আটটি জেলা ও পশ্চিম বঙ্গের পাঁচটি জেলা আক্রান্ত হতে পারে বিবেচনায় এসব এলাকায় ৪১টি টিম মোতায়েন করেছে। পাশাপাশি পশ্চিম বঙ্গের জন্য আরও ১৩টি ও অন্ধ্র প্রদেশের জন্য ১০টি অতিরিক্ত টিম প্রস্তুত রেখেছে।
ওড়িশার গানজাম, গজপতি, খুরদা, পুরি, জগৎসিঙ্গপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বালাসোর, কেন্ডরাপারা, ভদ্রক, জয়পুরেও ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
ফণীর প্রভাবে পশ্চিম বঙ্গের মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায় কিছু ক্ষয়ক্ষতি হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
ওড়িশার ৮৭৯টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রায় ১০ লাখ লোক আশ্রয় নিতে পারবে বলে জানানো হয়েছে।
ফণীর প্রভাবে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে এবং এতে গানজাম, খুরদা, পুরি ও জগৎসিঙ্গপুরের নিচু এলাকাগুলো ডুবে যেতে পারে বলে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
এ ঘূর্ণিঝড়ের নাম বাংলাদেশের প্রস্তাবে ‘ফণী’ রাখা হয়েছে । সাপের ফণা থেকে এ নামটি নেওয়া হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
