দল ছাড়লেন ভারতীয় কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা, যাচ্ছেন শিবসেনায়
ভারতে লোকসভা নির্বাচন চলার মাঝেই কংগ্রেস পার্টির জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী দল থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এখন কট্টর হিন্দু দল শিবসেনায় যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির নেতা সঞ্জয় রাউত।
কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে এরই মধ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রিয়াঙ্কা। টুইটারে নিজের প্রোফাইল থেকেও তিনি মুছে দিয়েছেন 'জাতীয় মুখপাত্র’ কথাটি।
মাসখানেক আগে মথুরা সফরের সময় কয়েকজন দলীয় সদস্য তাকে হেনস্থা করেছিল বলে অভিযোগ করেছিলেন প্রিয়াঙ্কা। তাদেরকেই ফের দলের যথাস্থানে জায়গা দেওয়ায় এক টুইটে এর বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এর দু’দিনের মাথায়ই প্রিয়াঙ্কা দল ছাড়ার সিদ্ধান্ত জানালেন বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, রাফাল চুক্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করতে মথুরায় গিয়ে দলীয় নেতাদের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ ছিল প্রিয়াঙ্কা চতুর্বেদীর। স্থানীয় নেতারা তাকে ভুল বুঝেছিলেন। প্রাথমিকভাবে অভিযুক্তদের সরিয়ে দেওয়া হলেও, ভোটে শক্তি বাড়াতে ফের দল তাদেরকে ফিরিয়ে নেওয়াতেই প্রিয়াঙ্কা মনক্ষুন্ন হন।
দল থেকে তার সরে দাঁড়ানোটা কংগ্রেসের জন্য নিঃসন্দেহে বিব্রতকর। শিবসেনায় প্রিয়াঙ্কার যোগদানের সিদ্ধান্ত সত্য হয়ে থাকলে তার রাজনৈতিক ক্যারিয়ারের মোড়ও সম্পূর্ণ ঘুরে যাবে।
