২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা ভোটের আগে তামিল নাডু থেকে দেড় কোটি রুপি জব্দ

ভারতের কর কর্মকর্তারা তামিল নাডুর আম্মা মাক্কাল মুনেত্রা কাজাঘামের (এএমএমকে) শীর্ষ নেতা টিটিভি দিনাকরনের এক সহকর্মীর কাছ থেকে হিসাব বহির্ভূত প্রায় দেড় কোটি রুপি জব্দ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 02:30 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

ভোটারদের ঘুষ দিতে এএমএমকে নেতারা এই অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে বলে খবর এনডিটিভির।

দিনাকরন এর আগে রাজ্যের ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাঘামের (এআইএডিএমকে) নেতা ছিলেন। গত বছর তিনি নতুন দল এএমএমকে প্রতিষ্ঠা করেন। 

লোকসভা ও তামিল নাডুর বিধানসভার কিছু আসনে উপনির্বাচনের আগে মঙ্গলবার রাতে আন্দিপাত্তির এক এএমএমকে নেতার স্থাপনায় রাতভর অভিযান চালিয়ে ৯৪টি প্যাকেটে এক কোটি ৪৮ লাখ রুপির বেশি জব্দ করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্যাকেটগুলোতে ওয়ার্ড নাম্বার ও ভোটারদের সংখ্যা লেখা ছিল। সংখ্যা এবং টাকার অঙ্ক দেখে ভোটারপ্রতি ৩০০ রুপি ঘুষ দেয়ার পরিকল্পনা ছিল বলে কর্মকর্তারা অনুমান করছেন।

বুধবার লোকসভার ভোটগ্রহণের পাশাপাশি তামিল নাডুর যে ৩৯টি আসনে উপনির্বাচন হবে, তার মধ্যে আন্দিপাত্তিও আছে।  

চলতি মাসের শুরুতে ভেলুরের দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম (ডিএমকে) প্রার্থীর মালগুদাম থেকেও হিসাব বহির্ভূত সাড়ে ১১ কোটি রুপি জব্দ করা হয়েছিল। ওই ঘটনায় নির্বাচন কমিশন ভেলুরের লোকসভা ভোট স্থগিত ঘোষণার কয়েক ঘণ্টা পরই আন্দিপাত্তি থেকেও বিপুল পরিমাণ রুপি জব্দ হল।

মঙ্গলবার রাতের অভিযানের সময় নির্বাচন কমিশন ও আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এএমএমকের কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযানের শুরুতে এএমএমকের একদল কর্মী নির্বাচন কমিশনের ফ্লায়িং স্কোয়াডের কাছ থেকে টাকার প্যাকেটগুলো ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলিও করতে হয়েছে। গুলিতে কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, ফ্লাইং স্কোয়াড আন্দিপাত্তির একটি দোকানে গেলে, দোকানদার তার দোকান বন্ধের চেষ্টা করে ও পালিয়ে যায়। ওই দোকানদারও এএমএমকের সমর্থক বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় চার এএমএমকে সমর্থককে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভিকে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।  বুধবার ভোর সাড়ে ৫টায় অভিযান শেষ হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমটি। 

“যেসব ওয়ার্ডের নাম (প্যাকেটগুলোতে) পাওয়া গেছে তার সবগুলোই আন্দিপাত্তি আসনের অন্তর্ভুক্ত,” বলেছেন জ্যেষ্ঠ আয়কর কর্মকর্তা বি মুরালি কুমার।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা জানান, যে স্থাপনায় অভিযান চালানো হয়েছে, সেটি এএমএমকের এক কার্যনির্বাহী কর্মকর্তার মালিকানাধীন। অভিযানের প্রতিবেদন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স এবং দিল্লির নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এ নিয়ে তামিল নাডু থেকে এখন পর্যন্ত নগদ ও স্বর্ণ মিলিয়ে ৫০০ কোটিরও বেশি রুপি জব্দ করা হল।

ভোটারদের বিপুল পরিমাণ ঘুষ দেয়া হচ্ছে এ অভিযোগ পেয়ে ২০১৭ সালে নির্বাচন কমিশন রাজ্যটির আরকে নগর আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছিল। এআইএডিএমকে প্রধান জে জয়ললিতার মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে হওয়া উপনির্বাচনে পরে দিনাকরনই জয়ী হয়েছিলেন।