২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের অন্ধ্র, সিকিম, উড়িষ্যা, অরুণাচলে বিধানসভার ভোট হচ্ছে

ভারতে লোকসভা নির্বাচনের ভোটের পাশাপাশি অন্ধ্র প্রদেশ, সিকিম, উড়িষ্যা ও অরুণাচলে রাজ্য বিধানসভার প্রতিনিধি নির্বাচনেও ভোট গ্রহণ করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 01:00 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

বৃহস্পতিবারের দেশটির ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ চলছে, এর পাশাপাশি ওই রাজ্যগুলোতে বিধানসভার ভোটগ্রহণও চলছে।

বিধানসভার এই ভোট প্রদেশগুলোর অনেক বড় বড় রাজনীতিবিদের ভাগ্য নির্ধারণ করবে বলে জানিয়েছে এনডিটিভি।

অন্ধ্র, সিকিম ও অরুণাচলে বিধানসভার সব আসনে ভোট চললেও উড়িষ্যায় ১৪৭টি আসনের মধ্যে কেবল ২৮টিতে ভোট গ্রহণ করা হচ্ছে। উড়িষ্যায় মোট চার দফার লোকসভার ভোটের সঙ্গেই বিধানসভার নির্বাচন শেষ করার পরিকল্পনা আছে ভারতের নির্বাচন কমিশনের।

দক্ষিণ-পূর্বের রাজ্য অন্ধ্রপ্রদেশের বিধানসভায় মূল লড়াই হবে মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির (টিডিপি) এন চন্দ্রবাবু নাইডু ও ওয়াইএসআর কংগ্রেসর ওয়াইএস জগন মোহন রেড্ডির মধ্যে। দুই দলের এ দুই শীর্ষ নেতা লড়ছেন যথাক্রমে কুপ্পাম ও পুলিভেনদুলা আসন থেকে।

নাইডুর ছেলে নারা লোকেশের পরীক্ষা হবে মঙ্গলাগিরি আসনে। নারা তার বাবার বর্তমান মন্ত্রিসভার সদস্য।  

অন্ধ্রের এবারের লোকসভা ও বিধানসভার ফল নির্ধারণে জাতপাত, দুর্নীতি ও সরকারবিরোধিতার মতো বিষয়গুলো চার কোটি ভোটারকে প্রভাবিত করতে পারে।

জন সেনা দলের প্রধান পবন কল্যান প্রদেশটির দুটি আসন ভিমাবরম ও গাজুওয়াকা থেকে নির্বাচন করছেন। রাজ্য কংগ্রেসের প্রধান রঘুভির রেড্ডি লড়ছেন কল্যানদুর্গ আসন থেকে।

চন্দ্রবাবু নাইডুর শ্যালক অভিনেতা এন বালাকৃষ্ণ টিডিপির প্রার্থী হিসেবে হিন্দুপুর থেকে ফের বিধানসভার প্রতিনিধি নির্বাচিত হতে লড়ছেন।

সিকিমে ৩২ সদস্যের বিধানসভার সাংসদ ঠিক করবেন ৪ লাখেরও বেশি ভোটার।

এবারের নির্বাচনের মধ্য দিয়ে রেকর্ড অষ্টমবার বিধায়ক হওয়ার দৌড়ে আছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের এ নেতা পোকলক-কামরাং ও নামচি-সিংগিথাং আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবেক ফুটবলার, হামরো সিকিম পার্টির (এইচএসপি) কার্যকরী সভাপতি বাইচুং ভুটিয়াও লড়ছেন দুটি আসনে।

উড়িষ্যায় রেকর্ড পঞ্চমবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন বিজু জনতা দলের নবীন পটনায়েক।

অরুণাচলে এবারই প্রথম ভারতীয় জনতা দল (বিজেপি) বিধানসভার ৬০টি আসনের সবগুলোতে প্রার্থী দিয়েছে।

টানা তৃতীয় মেয়াদের জন্য মুক্ত আসন থেকে নির্বাচন করছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

লোকসভার ৫৪৩টি আসনের  জন্য প্রথম দফা এ ভোটের পর ১৮ এপ্রিল দ্বিতীয়, ২৩ এপ্রিল তৃতীয়, ২৯ এপ্রিল চতুর্থ, ৬ মে পঞ্চম, ১২ মে ষষ্ঠ ও ১৯ মে সপ্তম দফার ভোটের মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম এ গণতান্ত্রিক যজ্ঞ শেষ হবে।