স্থিতিশীলতার জন্যই জঙ্গিবিরোধী অবস্থান দরকার: ইমরান
ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরিভিত্তিতে স্থিতিশীলতা প্রয়োজন, এর জন্য সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোর লাগাম টেনে ধরতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের গাড়িবোমা হামলা পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
সেই উত্তেজনা খানিকটা থিতিয়ে এলেও পাকিস্তানের জঙ্গিতোষণের অভিযোগ নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে রেষারেষি এখনও থামেনি; তার মধ্যেই ইমরান এ মন্তব্য করলেন।
মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন দেখভালকারী আন্তর্জাতিক সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) নিষেধাজ্ঞা এড়াতে তীব্র অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানের ওপর জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও চাপ আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইমরান বলেছেন, নিজের স্বার্থেই পাকিস্তানকে জঙ্গিবিরোধী অবস্থান নিতে হবে। ৩০ হাজারেরও বেশি মাদ্রাসাকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কয়েক হাজার সাবেক জঙ্গিকে পুনর্বাসন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
“সবাই জানে, পাকিস্তানে এখন যা হচ্ছে, তা আগে কখনোই হয়নি। বাইরের চাপের কথা ভুলে যান- আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ দেশ সিদ্ধান্ত নিয়েছে, দেশের ভবিষ্যতের জন্যই আমরা আর সশস্ত্র জঙ্গিদের কার্যক্রম চালাতে দেবো না,” মঙ্গলবার ইসলামাবাদে একদল বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটাই বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বছরের পর বছর ধরে দেশটির গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ভারত ও আফগানিস্তানসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে জঙ্গিদের দিয়ে ছদ্ম যুদ্ধ চালানোর যে অভিযোগ রয়েছে, ইমরানের এ মন্তব্যকে সেখান থেকে বেরিয়ে আসার ও পাকিস্তানের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।
ইসলামাবাদ বলেছে, জঙ্গিদের সহিংসতায় অন্যদের যা ক্ষতি হয়েছে পাকিস্তানের হয়েছে তার চেয়ে অনেক বেশি।
সাম্প্রতিক দশকগুলোতে দেশটিতে জঙ্গি হামলায় লাখ লাখ লোকের মৃত্যু হয়েছে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে শতকোটি ডলার।
গত শতকের ৮০-র দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রের সমর্থনে যে মুজাহিদীনের সৃষ্টি হয়েছিল, পরে তাদের হাত ধরে বেড়ে ওঠা জঙ্গিদের প্রতিপালন ও পরিচালনায় পাকিস্তানের ভূমিকার কথাও পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান।
“জিহাদ শেষ হওয়ার পর তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা উচিত হয়নি আমাদের,” জঙ্গিবিরোধী অবস্থান নিলে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরোধীতার মুখে পড়তে পারেন এমন আশঙ্কাও উড়িয়ে দিয়েছেন তেহরিক-ই ইনসাফের এ শীর্ষ নেতা।
“তাদেরকে (জঙ্গি) উচ্ছেদ করতে পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর পূর্ণ সমর্থন আছে। আইএসআইয়ের আর তাদেরকে কেন প্রয়োজন হবে? ওই গোষ্ঠীগুলো আফগানিস্তানে জিহাদের জন্য সৃষ্টি করা হয়েছিল,” বলেছেন তিনি।
ভারতসহ পাকিস্তানের সমালোচকরা অবশ্য জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান বিষয়ে ইমরানের এ প্রতিশ্রুতিকে আমলেই নিচ্ছে না। তারা বলছে, আগের সরকারগুলোও এ ধরনের প্রতিশ্রুতিই দিয়েছিল।
কাশ্মীরের পুলওয়ামায় গাড়িবোমা হামলার জন্য দায়ী জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারকে গ্রেপ্তারে ইসলামাবাদের ব্যর্থতার দিকেও আঙুল তুলছে তারা।
অন্যদিকে পাকিস্তান বলছে, আন্ডারগ্রাউন্ডে থাকা আজহার এখন অনেকটাই অসুস্থ ও ‘অকার্যকর’।
“তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তার সেট-আপ এবং তাকে অকেজো করে দেওয়া,” বলেছেন ইমরান।
গত বছরের অগাস্টে ক্ষমতায় আসা ইমরানকে একইসঙ্গে দেশের চরম অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়েও ভাবতে হচ্ছে।
গত কয়েক বছরে দক্ষিণ এশীয় দেশটির মুদ্রামানও চারভাগের একভাগ কমেছে; মূল্যস্ফীতি পৌঁছেছে নয় শতাংশে। পাকিস্তানকে এফএটিএফের নিষেধাজ্ঞা এড়ানোরও চেষ্টা করতে হচ্ছে; ওই নিষেধাজ্ঞা পাকিস্তানের অর্থনীতিকে আরও চাপে ফেলে দেবে।
“আমরা কালো তালিকাভুক্ত হওয়ার ভার নিতে পারবো না, এর অর্থ হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকবে,” বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া দুর্নীতির মহামারি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ইমরান বলছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে (১০ কোটি লোক) দারিদ্র্যের কবল থেকে বের করে আনাই তার সর্বোচ্চ অগ্রাধিকার।
“আপনি তখনই এটি করতে পারবেন, যখন পাকিস্তানে স্থিতিশীলতা থাকবে,” বলেছেন তিনি।
