মোদীর জীবনী নিয়ে সিনেমা আটকে দিল নির্বাচন কমিশন
নির্বাচনের মওসুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী ভিত্তিক চলচ্চিত্রের মুক্তি আটকে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
বুধবার এক নির্দেশেনায় ভারতীয় নির্বাচন কমিশন বলেছে, লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগে ‘পিএম নরেন্দ্র মোদী’ সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না।
ইনডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতজুড়ে আলোচিত এই সিনেমাটি ১১ এপ্রিল ভোট শুরুর দিন মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক।
চলচ্চিত্রটির মুক্তি আটকাতে আদালতে মামলা হলে ভারতের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয়।
সে অনুযায়ী সেন্সর বোর্ড রোববার সকালে পিএম নরেন্দ্র মোদী’কে মুক্তির ছাড়পত্রও দেয়। কিন্তু শেষ পর্যন্ত তাতে বাদ সেধেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন মনে করছে, ভোটের আগে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে নিয়ে এ সিনেমা মুক্তি পেলে তা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড’ নষ্ট করবে।
