২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত চলতি মাসেই আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে: পাকিস্তান

ভারত চলতি মাসেই পাকিস্তানে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। এ সম্পর্কে ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য’ও পাকিস্তান পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 04:56 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

রোববার মুলতানে সাংবাদিকদেরকে পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ভারত নতুন করে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে সে ব্যাপারে তাদের কাছে পাকা খবর আছে।

তিনি বলেন, “আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে। সে তথ্যানুযায়ী, এ হামলা হতে পারে ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে।” পাকিস্তান তাদের উদ্বেগের কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যকে জানিয়েছে বলেও জানান কুরেশি।

কিন্তু পাকিস্তানের কাছে কী তথ্য রয়েছে, কী করেই বা তিনি এতটা নিশ্চিত হয়ে হামলার সময় পর্যন্ত বলে দিচ্ছেন- সে সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি কুরেশি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীর সঙ্গে এ তথ্য শেয়ার করতে চান বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের এ দাবির ব্যাপারে ভারতের পররাষ্ট্রন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের গাড়িবোমা হামলার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যে ভয়াবহ উত্তেজনা দেখা গিয়েছিল, দিন দিন তা থিতিয়ে এলেও এর রেশ এখনও আছে। এর মধ্যেই কুরেশি ফের ভারতের হামলার আশঙ্কার কথা বললেন।

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলার দাবি করে ভারতীয় বিমান বাহিনী। পরদিন পাকিস্তান ভারতের একটি বিমানকে ভূপাতিত করে এর পাইলটকে আটকও করেছিল। ইসলামাবাদ পরে ওই পাইলটকে ছেড়ে দিলে উত্তেজনা অনেকখানিই প্রশমিত হয়।

এখন ভারতে নির্বাচনের আগে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাকিস্তানে সেই হামলার কৃতিত্ব নিয়ে এবং ভারতীয় নাগরিকদের জাতীয়তাবাদী চেতনা কাজে লাগিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে বলে অভিযোগ পাকিস্তানের। আর সে কারণেই এ সময়টিতে আরেকটি নতুন হামলার আশঙ্কায় আছে পাকিস্তান।

 বিজেপি সরকার পাক এফ-১৬ জঙ্গি বিমান গুলি করে নামানোর দাবি করে যুদ্ধের জিগির জাগিয়ে তোলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ফেব্রুয়ারিতে মুখোমুখি অবস্থানের সময় পাকিস্তানের ওই জঙ্গিবিমান ভূপাতিত করার নয়া দিল্লির দাবির প্রতিক্রিয়ায় ইমরান এ মন্তব্য করেন। এরপরই ফের যুদ্ধের আবহ সৃষ্টির এ নতুন আশঙ্কা প্রকাশ করলেন পাক পররাষ্ট্রমন্ত্রী।