বিজেপির গান নিষিদ্ধ করল ভারতের নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গের জন্য তৈরি করা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘থিম সং’ নিষিদ্ধ করেছে ভারতের নির্বাচন কমিশন (ইসি) ।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সুর ও সঙ্গীতে তৈরি এই গানটি কোথাও বাজানো যাবে না বলে নির্বাচনী কর্তৃপক্ জানিয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।
অমিত চক্রবর্তীর লেখা এই গানটিতে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্মফুল’ পশ্চিমবঙ্গে ফুটবে ও তৃণমূল কংগ্রেসকে ‘না’ বলতে বলা হয়েছে।
হ্যাশট্যাগ ব্যবহার করে ‘#এইতৃণমূলআরনা’ টুইট করেছিলেন বাবুল সুপ্রিয় এবং একই শব্দগুলো তার গানেও ব্যবহার করেছিলেন।
সহকারী প্রধান নির্বাচনী কর্মকর্তা সঞ্জয় বসু বলেছেন, “প্রথমত এই থিম গানটির আগাম-অনুমতিপত্র নেওয়া হয়নি যে বিষয়টি আমরা কমিশনকে অবহিত করি। এছাড়া গানটি বিভিন্ন জায়গায় বাজানো হয়েছে তাই এটি বাজানো বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিজেপির যে সদস্য এই গানটির অনুমতিপত্রের জন্য আবেদন করেছিলেন তাকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি (এমসিএমসি) থেকে আগাম অনুমতি না নেওয়া ‘কোড অব কন্ডাক্ট’র লঙ্ঘন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও গানটির কথা নিয়ে আপত্তি তুলে একটি অভিযোগ দায়ের করেছে।
রাজ্যের প্রধান নির্বাচনী দপ্তর বিজেপিকে গানটির একটি সংশোধিত সংস্করণ জমা দিতে বলার পর বিজেপি গানটি নতুন করে জমা দিয়ে অনুমতির আবেদন জানিয়েছে।
