ভোটের রঙ মিঠাইয়েও
ভোটের উৎসবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম ও বিজেপি সমর্থকদের জন্য আলাদা ধরনের মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন ভারতের পশ্চিমবঙ্গের ময়রারা।
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে এ মাসেই সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। লোকসভা নির্বাচন ঘিরে সারাদেশেই উৎসব আমেজে চলছে প্রচার।
ভোটের প্রচারে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৃণমূল কংগ্রেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ নানা নেতার ছবি অঙ্কিত শাড়ি কলকাতার বাজারে আসতে দেখা গেছে আগেই, এখন আনন্দবাজার জানাল মিষ্টির খবর।
কলকাতার বাংলা দৈনিকটি লিখেছে, ভোটের উৎসবে নিজেদের ব্যবসা জমিয়ে নিতে দলগুলোর নির্বাচনী প্রতীক পদ্ম, জোড়াফুল, কাস্তে হাতুড়ি কিংবা পাঞ্জার ছবি এঁকে মিষ্টি বানিয়েছেন তারা।
ছবি আনন্দবাজারের সৌজন্যে
এই ধরনের মিষ্টান্ন প্রস্তুতকারী ‘ফেলু মোদক’র মালিক অমিতাভ দে আননন্দবাজারকে বলেন, ‘“ক্রেতাকে নতুন কিছু উপহার দিতেই এই পরিকল্পনা।”
তার দোকানে ৩০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের মিষ্টি মিলছে ৩০ টাকা থেকে ৩০০ টাকা দামে। সিপিএমের লাল রংয়ের মিষ্টিতে রয়েছে স্ট্রবেরির স্বাদ। তৃণমূলের মিষ্টিতে থাকছে পেস্তা বাদাম। বিজেপির মিষ্টি কেশর রঙে রাঙা। আর কংগ্রেসের জন্য সাদা ক্ষীরের সন্দেশে থাকছে বাদামের মিশেল।
শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আননন্দবাজারকে বলেন, “ভোট মানে তো গণতন্ত্রের উৎসব। বাঙালির কোনো উৎসব কি মিষ্টি ছাড়া সম্পন্ন হয় নাকি! দলীয় প্রতীক আঁকা মিষ্টি পেলে তো দারুণ হবে।”
সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, “মিষ্টির আবার দলাদলি কী? তবে ভোটের মুখে এ সব এক ধরনের মজাও। গণতন্ত্র রক্ষা করতে হলেও মুখমিষ্টি হওয়া জরুরি।”
