২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থী আটকে ভারতের ক্ষোভ

ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্র যাওয়ার পর গ্রেপ্তার ১২৯ নাগরিকের মুক্তিতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 04:21 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

বিবিসি জানায়, ওই ১২৯ শিক্ষার্থী মিশিগান অঙ্গরাজ্যে  দ্য ইউনিভার্সিটি অব ফারমিংটন নামে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল।

পরে জানা যায়, বাস্তবে ওই  নামে কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই।  বহু ব্যবহৃত ‘পে-টু-স্টে’ অভিবাসন প্রতারণার  মুখোশ উন্মোচন করতে যুক্তরাষ্ট্রের ডিপার্টেমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ছদ্মবেশী এজেন্টরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এই ফাঁদ পেতেছিলেন।

মার্কিন কৌসুঁলিদের দাবি, বিশ্ববিদ্যালয়টি ভুয়া জেনেও শিক্ষার্থীরা ভর্তি হয়েছিলেন। অন্যদিকে ভারতীয় কর্মকর্তাদের দাবি, তাদের শিক্ষার্থীরা নিজেরাই প্রতারণার শিকার হয়ে হয়তো না জেনে ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।

ভারতের বহিঃসম্পর্ক মন্ত্রণালয় শনিবার রাজধানী দিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এ বিষয়ে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে বলে জানায় বিবিসি।

ওই প্রতিবাদলিপিতে গ্রেপ্তার শিক্ষার্থীদের বিষয়ে উদ্বেগ প্রকাশের পাশপাশি তাদের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের দেখা করতে দেওয়ার দাবি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সেখানেই থেকে যেতে চাওয়া বিদেশিদের পাকড়াও করতে ২০১৫ সালে ওই ভুয়া বিশ্ববিদ্যালয়ের নামে একটি ওয়েবসাইট চালু করা হয়।

ওয়েব সাইটে শিক্ষার্থীরা ক্লাস করছে, লাইব্রেরিতে কাজ করছে, সবুজ ক্যাম্পাসে গল্প করছে এমন বেশ কয়েকটি ছবি দেওয়া হয়।

বিজ্ঞাপনে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রতিবছর টিউশন ফি সাড়ে ৮ হাজার মার্কিন ডলার এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১১ হাজার মার্কিন ডলার ফি’র কথা বলা হয়। তাছাড়া, বিজ্ঞাপনে একটি ভুয়া ফেসবুক পেজের ছবিও জুড়ে দেওয়া হয়।

কিন্তু আদালতের প্রকাশিত কাগজপত্র থেকে পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্কবিষয়ক সংস্থার কর্মকর্তারাই বিশ্ববিদ্যালয়টির কর্মী সেজে আছেন। ফলে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির চেষ্টা চালানোয় ১২৯ জন ভারতীয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

ভারত ঘটনার বিস্তারিত ও শিক্ষার্থীদের নিয়মিত তথ্যগুলো সরকারকে জানানোসহ যত দ্রুত সম্ভব তাদেরকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিতাড়িত না করার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।

ভারতের মার্কিন দূতাবাস থেকে দিল্লির প্রতিবাদলিপি পাওয়ার কথা নিশ্চিত করা হলেও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সম্প্রতি কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ কড়াকড়ি করছে। এবারই দেশটি প্রথম এমন অভিযান চালিয়েছে তা নয়।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের আমলে অভিবাসন কর্মকর্তারা ভুয়া নর্দার্ন নিউ জার্সি ইউনিভার্সিটি স্থাপন করে সেখান থেকে ২১ জনকে গ্রেপ্তার করেছিলেন। এদের বেশিরভাগই ছিল চীন ও ভারতের।

ট্রাম্প প্রশাসন আসার পর যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন অভিবাসী এবং ভিসার মেয়াদ শেষের পরও সেখানে থেকে যাওয়াদের ওপর কড়াকড়ি আরো বেড়েছে। কর্মক্ষেত্রগুলোতে একের পর এক অভিযানে শত শত জন গ্রেপ্তার হচ্ছে।