বিহারে গরু চুরির অভিযোগে প্রৌঢ়কে পিটিয়ে হত্যা
ভারতের বিহারে কথিত গরু চুরির অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে একদল উচ্ছৃঙ্খল লোক।
২৯ ডিসেম্বর বিহার রাজ্যের আরারিয়া জেলার সিমারবানি গ্রামে ঘ্টনাটি ঘটেছে বলে খবর এনডিটিভির।
হামলাকারীদের মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা গেছে, প্রায় ৩০০ জন লোকের একটি দল কাবুল মিয়ার মুখে লাথি মারছে, তাকে লাঠি দিয়ে আঘাত করছে এবং বারবার চোর বলে চিৎকার করছে।
ভিডিওতে হামলাকারীদের হাসতে ও ওই প্রৌঢ়কে মারা অব্যাহত রাখতে পরস্পরকে উৎসাহিত করতে শোনা গেছে। মুসলিম মিয়া নামের এক ব্যক্তি হামলাকারীদের নেতৃত্ব দিচ্ছিল। মারতে মারতে এক পর্যায়ে ওই প্রৌঢ়ের পরনের প্যান্ট খুলে নেয় তারা।
কাবুল মিয়ার কাকুতি মিনতি ও বাঁচার চেষ্টা সত্বেও তার নিষ্প্রাণ দেহ মাটিতে এলিয়ে না পড়া পর্যন্ত পিটুনি চালিয়ে যায় তারা। এমনকী তাদের কাউকে কাউকে এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও অনলাইনে আপলোড করারও পরামর্শ দিতেও শোনা যায়।
ভিডিওগুলোতে কিছু হামলাকারীরা চেহারা দেখা গেলেও গত পাঁচ দিনে এদের একজনকেও পুলিশ গ্রেপ্তার করেনি বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
কাবুল মিয়া একজন সাবেক গ্রাম প্রধান ছিলেন। ভিডিওতে ভাঙ্গা গলায় তাকে ওই উচ্ছৃঙ্খল জনতাকে বলতে শোনা যায়, কারো গরু চুরি করার কোনো কারণ নেই তার। এর আগে তার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ করে একটি মামলা করেছিল মুসলিম মিয়া।
ঘটনার দুই দিন পর পুলিশ এ ঘটনার খবর পায়, তাও ভিডিওগুলো ওই এলাকায় ভাইরাল হওয়ার পর।
আরারিয়ার উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা কেপি সিং জানিয়েছেন, হামলাকারীরা নিহতের পরিচিত ছিল এবং তারা একই সম্প্রদায়ভুক্ত। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তারা প্রধান অভিযুক্তের খোঁজ করছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিহারে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। এর একদিন পর বুধবার নালন্দায় এ হত্যাকাণ্ডের এক সন্দেহভাজনেরে আত্মীয় ১৩ বছর বয়সী এক বালককে পিটিয়ে হত্যা করে ওই নেতার সমর্থকরা, জানিয়েছে পুলিশ।
বাড়ি ফেরার সময় মাঘদা সরাইয়ে আরজেডি নেতা ইন্দাল পাসওয়ানকে গুলি করে হত্যা করা হয়। এর জেরে তার স্থানীয় সমর্থকরা দুই সন্দেহভাজনের বাড়ি আক্রমণ করে আগুন ধরিয়ে দেয়, এ সময় তারা ওই বালককে পিটিয়ে মেরে ফেলে বলে জানিয়েছে পুলিশ।
