২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবেশ মূল্য বাড়িয়ে তাজমহলকে রক্ষার উদ্যোগ

তাজমহলের মূল সমাধি যারা দেখতে চান এখন থেকে তাদের ২০০ রুপি মূল্যের আরেকটি টিকেটও কিনতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2018, 02:48 PM

Updated : 08 Apr 2022, 07:27 PM

সোমবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে খবর এনডিটিভির।

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রধান আর্কিওলিজিস্ট বসন্ত স্বর্ণকার জানিয়েছেন, ১৭ শতাব্দিতে নির্মিত মূল সমাধিটি দেখতে এখন থেকে ভারতীয় দর্শনার্থীদের ২৫০ রুপি করে এবং বিদেশি পর্যটকদের ১,৩০০ রুপি করে খরচ করতে হবে।

আর সার্ক দেশগুলোর পর্যটকদের ৫৪০ রুপির জায়গায় ৭৪০ রুপি খরচ হবে। 

নতুন এ টিকেট পদ্ধতি মূল সমাধি পর্যন্ত যাওয়া দর্শনার্থীর সংখ্যা হ্রাস করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। 

যে ভারতীয় দর্শনার্থীরা শুধু ৫০ রুপির টিকেট কিনবেন তারা মূল সমাধিতে প্রবেশ করার অনুমতি পাবেন না, কিন্তু তাজের চারপাশে ঘুরতে পারবেন এবং পেছনের অংশে গিয়ে যমুনা নদীর তীর থেকে তাজমহল দেখতে পারবেন।

অতিরিক্ত ২০০ রুপি মূল্যের টিকিট না কিনলে বিদেশি ও সার্ক দেশগুলোর পর্যটকদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

তাজমহলকে মুঘল স্থাপত্যের সবচেয়ে সেরা নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।

১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। তখন একে ‘ভারতের মুসলিম শিল্পের মুকুট এবং বিশ্বব্যাপি সমাদৃত বিশ্ব ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠকীর্তি’ হিসেবে অভিহিত করা হয়।