করাচিতে চীনা মিশনের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ৪
পাকিস্তানের করাচিতে চীনা কনসুলেটের কাছে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশসহ অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ক্লিফটন এলাকার কাছে বন্দুকধারীরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ডন।
‘রেড জোন’ হওয়ায় ক্লিফটন এলাকাটি আগে থেকেই সুরক্ষিত ছিল। গোলাগুলির খবর পাওয়ার পর সেখানে আরও পুলিশ ও সৈন্য পাঠানো হয়।
নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে তিন বন্দুকধারীও নিহত হয়েছে বলে সিন্ধ পুলিশ ও সেনাবাহিনীর গণমাধ্যম উইং জানিয়েছে।
বেলুচিস্তানে চীনা বিনিয়োগের বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।
করাচি দক্ষিণের উপ পুলিশ মহাপরিদর্শক জাভেদ আলম ওধোর বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো হামলায় ২ পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
নিহত বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।
হামলায় চীনা এক নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন, জানিয়েছেন জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের নির্বাহী পরিচালক ড.সিমিন জামালি।
বন্দুকধারীরা দুই পুলিশ সদস্যকে হত্যার পর চীনের কনসুলেট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল বলেও স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জিও টিভি।
কনসুলেটের কাছাকাছি এলাকায় গাড়ি পার্ক করে তিন বন্দুকধারী চীনা কনসুলেটের দিকে যেতে যেতে হামলা শুরু করে বলে জানান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. আমির আহমাদ শেখ।
পরিস্থিতি আঁচ করতে পেরে তাৎক্ষণিকভাবে কনসুলেটের ফটক বন্ধ করে দেওয়া হয় ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়।
প্রায় একই সময়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাইয়ে জনবহুল এক মার্কেটে এক বিস্ফোরণে অন্তত ১০জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। হামলাটি আত্মঘাতী কিনা, বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।
