২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে ভারি তুষারপাতে বিদ্যুৎ বিপর্যয়

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির উপত্যকায় ভারি তুষারপাতের কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 01:29 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

শনিবার সকাল থেকে জম্মু ও কাশ্মির রাজ্যের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

শ্রীনগরে ব্যাপক তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে। বিমানবন্দরের কর্মকর্তারা বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়ে আরও বেশি কয়েকটি ফ্লাইট জম্মু বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাপ্তরিক টুইটার একাউন্টে জানিয়েছেন।

অসময়ের এই তুষারপাতে শ্রীনগরের অনেকগুলো সড়কে তীব্র ট্র্যাফিক জ্যাম তৈরি হয়। ভারি তুষারপাতে অনেকগুলো সড়ক বন্ধ হয়ে বেশ কয়েকটি এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শ্রীনগরের অধিকাংশ অংশ জলমগ্ন হয়ে আছে বলে প্রকাশিত খবরে জানা গেছে।

তুষারপাতের কারণে আপেল বাগানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে আপেল চাষীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

শনিবার ভারি তুষারপাতের পর কাশ্মিরের ‍মুঘল রোড বরাবর পীর কি গলি এলাকা থেকে ১২০ ব্যক্তিকে উদ্ধার করা হয়, এদের অধিকাংশই ট্রাক চালক। রোববার ভোররাত ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে এনডিটিভি।

রোববার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ৫ নভেম্বরের পর থেকে দুই থেকে তিন সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কাশ্মিরের আবহাওয়া বিভাগ।