২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়া বিবি: প্রাণের ভয়ে পাকিস্তান ছাড়লেন আইনজীবী

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের রায়ে খালাস পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবির আইনজীবী প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 09:15 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

ওই অভিযোগে আসিয়া বিবির মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত, লাহোর হাইকোর্টও ও ওই দণ্ড বহাল রেখেছিল; কিন্তু বুধবার সুপ্রিম কোর্টের রায়ে অভিযোগ থেকে খালাস পান তিনি।

শনিবার বিবিসির খবরে বলা হয়, আসিয়ার আইনজীবী সায়িফ মু্ল্লুক একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, আসিয়া বিবির প্রতিনিধিত্ব অব্যাহত রাখতেই দেশ ছেড়েছেন তিনি।   

সর্বোচ্চ আদালত আসিয়া বিবিকে খালাস দেওয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছিল। সহিংস এই বিক্ষোভ বন্ধ করতে আসিয়া বিবি যেন পাকিস্তান ছাড়তে না পারে তা নিশ্চিত করতে রাজি হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা করেছে পাকিস্তান সরকার। এরপর আন্দোলনকারীরা আটকে রাখা সড়কগুলো ছেড়ে দিয়েছে বলে খবর গণমাধ্যমের।

বুধবার রায়ের পর মুল্লুক বিবিসিকে বলেছিলেন, আসিয়া বিবির নিরাপত্তার জন্য তাকে পশ্চিমা কোনো দেশে সরিয়ে নেওয়া দরকার।

বিক্ষোভের মুখে একটি ইসলামি পার্টির সঙ্গে চুক্তি করে সরকার ‘শর্তাধীন আত্মসমর্পণ’ করেছে এমন অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। আসিয়া বিবির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে’ বলে জানিয়েছেন তিনি।

তথ্যমন্ত্রীর এমন আশ্বাস সত্বেও এই চুক্তিকে ‘বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন মু্ল্লুক।

ইউরোপগামী প্লেনে ওঠার আগে তিনি বলেছেন, “তারা এমনকি দেশের সর্বোচ্চ আদালতের একটি আদেশও কার্যকর করতে পারে না।”

তিনি জানান, পাকিস্তানে বাস করা আর ‘সম্ভব না হওয়ায়’ তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

“আমি এখনও আসিয়া বিবির হয়ে আইনি লড়াই করতে চাই, তাই আমার বেঁচে থাকা দরকার,” বলেছেন তিনি। 

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেছেন, নিজের মক্কেলকে রক্ষা করতে তিনি দেশে ফিরবেন, কিন্তু সরকারকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সাল থেকে পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে অন্তত ৬৫ জনকে হত্যা করা হয়েছে।