২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মানুষখেকো বাঘ হত্যা

ভারতের মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার বাসিন্দাদের কাছে ত্রাসে পরিণত হওয়া বাঘিনি আভনিকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 02:33 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

এনডিটিভি জানায়, গত দুই বছরে আভনি ১৩ জনকে হত্যা করেছে বলে সন্দেহ বন কর্মকর্তাদের।

নথিপত্রে টি১ নামে পরিচিত আভনিকে ধরতে তিন মাস আগে বিস্তৃত অভিযান শুরু হয়। সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় প্রায় ১৫০ সদস্যের একটি দল এ অভিযান চালাচ্ছিল।

শেষ পর্যন্ত শুক্রবার রাতে ‘শার্প শ্যুটার’ আসগর আলি বোরাতি জঙ্গলের ১৪৯ নং কম্পার্টমেন্টে আভনিকে গুলি করে হত্যা করে বলে জানায় পুলিশ।

বন কর্মকর্তা এ কে মিশ্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “রাত প্রায় ১১টার দিকে আমাদের এক কর্মী ‘ট্রাঙ্কুইলাইজেশন গান’ দিয়ে বাঘিনির শরীরে একটি ‘ডার্ট’ বিদ্ধ করতে সক্ষম হন।

“কিন্তু সেটি অজ্ঞান না হয়ে বরং দলটির উপর ঝাঁপিয়ে পড়ে। দলে থাকা আসগর নিজেকে বাঁচাতে সেটিকে গুলি করে। এক গুলিতেই বাঘিনি মাটিতে লুটিয়ে পড়ে।”

বন কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট আভনিকে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিল।

বন্যপ্রাণীর অধিকার সুরক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশের স্থগিতাদেশ চেয়ে অনলাইনে পিটিশন দায়ের করেন।

তাদের যুক্তি, আভনিকে হত্যা করা হলে সেটির নয় মাস বয়সের শাবক দুটি বনে অরক্ষিত হয়ে পড়বে। ওই এলাকায় আর একটি মাত্র বাঘ আছে, যেটি পুরুষ।

আভনিকে হত্যা না করে তাকে জীবিত ধরার অনুরোধ নিয়ে গত মাসে বোম্বে হাইকোর্টের নাগপুর শাখায় পিটিশন দায়ের করেন বন্যপ্রাণীর অধিকার রক্ষায় কাজ করা এক ব্যক্তি।

২০১২ সালে ইয়াভাতমাল জঙ্গলে প্রথম আভনিকে দেখা যায়।

গত অগাস্টে আভনি জেলার পানধারকাওয়াদা শহরে ঢুকে তিনজনকে হত্যা করে।

তারপর থেকে ওই এলাকার পাঁচ হাজার মানুষ রীতিমত প্রাণ হারানোর ঝুঁকিতে পড়ে যায়; বিশেষ করে কৃষক ও রাখালরা।

ভারতে দুই হাজার দুইশর বেশি বাঘ বসবাস করে। যা বিশ্বে মোট বাঘের প্রায় ৬০ শতাংশ।