২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্য ছাড় নিয়ে বাদানুবাদে দুই সেলসম্যানকে গুলি করে হত্যা

ভারতে মূল্য ছাড় দিতে রাজি না হওয়ায় এক ব্যক্তি দুই বিক্রয় কর্মীকে গুলি করে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 03:26 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

বুধবার সন্ধ্যায় উত্তর প্রদেশের বারাণসী শহরের একটি মার্কেটে এ ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভির।

জেএইচভি মল নামের ওই মার্কেটের এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

মার্কেটটির এক কাপড়ের দোকানে মূল্য ছাড় নিয়ে দুই ক্রেতার সঙ্গে এক বিক্রয় কর্মীর তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কি বাদানুবাদে পরিণত হলে ক্রেতাদের একজন গুলি করে দুই বিক্রয় কর্মীকে হত্যা ও অপর দুজনকে আহত করে।

নিহতদের সুনিল ও গোপি বলে শনাক্ত করেছে পুলিশ। আহত গোলু ও বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটজনক।

বেচাবিক্রির জমজমাট সময়ে এই ঘটনায় মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দোকানটি সিল করে দেয় ও নগরীর অভিজাত ক্যান্টনমেন্ট সড়ক এলাকার ওই মার্কেটি থেকে সবাইকে সরিয়ে দেয়। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদ ও দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।