২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকটের মধ্যে সহিংসতায় নিহত ১

শ্রীলঙ্কায় রনিল বিক্রমসিংহকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক সংকট সহিংসতায় রূপ নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 09:16 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

রোববার বিক্রমসিংহের মন্ত্রিসভার সাবেক জ্বালানিমন্ত্রী অর্জুনা রানাতুঙ্গার  নিরাপত্তারক্ষীর গুলিতে একজন নিহত এবং আরও অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়ে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম।

গত শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী পদ থেকে বিক্রমসিংহকে বরখাস্ত করেন। ওই দিন রাতেই তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। সিরিসেনা পরদিনই বিক্রমসিংহের মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করেন।

ওই ঘোষণা মেনে না নিয়ে রোববার রানাতুঙ্গা রাষ্ট্র পরিচালিত ‘সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন’ প্রাঙ্গনে তার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

সেখানে প্রেসিডেন্টের সমর্থকরা তাকে বাধা দেয় এবং এক পর্যায়ে একদল লোক রানাতুঙ্গাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তারক্ষী গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান একজনের মৃত্যু হয়।

পুলিশ ওই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।