সাতটি একে-৪৭ নিয়ে পালিয়েছে কাশ্মিরের পুলিশ কর্মকর্তা
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশ বাহিনীর এক বিশেষ কর্মকর্তা (এসপিও) বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ দিতে সাতটি একে-৪৭ রাইফেল নিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশের ১০ রক্ষীকে হেফাজতে নিয়েছে কাশ্মির পুলিশ, জানিয়েছে এনডিটিভি।
পালিয়ে যাওয়া এসপিও আদিল বশিরকে আরও সাত এসপিও ও তিন রক্ষীসহ শ্রীনগরে পিডিপির এক বিধায়কের সরকারি বাসভবনে মোতায়েন করা হয়েছিল, সেখান থেকেই শুক্রবার অস্ত্রগুলোসহ তিনি নিখোঁজ হয়ে যান।
আদিল বশির একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীতে যোগ দিয়েছে, শনিবার নিশ্চিত করেছে পুলিশ।
এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে তারা। বিধায়ক আইজাজ আহমেদকেও জিজ্ঞাসাবাদ করতে পারে তারা।
শ্রীনগর পুলিশের জ্যেষ্ঠ সুপার (এসএসপি) ইমতিয়াজ ইসমায়েল পাররে বলেছেন, “যাদের অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে সেই সাত এসপিওর সবাইকে আটক করেছি আমরা। পাশাপাশি ওই বাড়ির স্থায়ী রক্ষী ও অন্যান্য যাদের মোতায়েন করা হয়েছিল, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরও আটক করা হয়েছে। তারা এর সঙ্গে জড়িত কি না এখনও তা বলার সময় হয়নি।”
এ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে শ্রীনগর পুলিশ। ঘটনার পর কাশ্মিরজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আদিল বশিরকে গ্রেপ্তারে দুই লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
পিডিপি বিধায়ক আইজাজ আহমেদ মীরের সরকারি বাসভবনে মোতয়েন পুলিশের রক্ষীরা শুক্রবার অভিযোগ করেন, তাদের অস্ত্রগুলো খোয়া গেছে এবং এসপিও আদিল বশির সাতটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল নিয়ে ক্যাম্প ছেড়ে চলে গেছে।
