ইব্রাহিম সোলিহকে বিজয়ী ঘোষণা মালদ্বীপের নির্বাচন কমিশনের
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা ইব্রাহিম সোলিহকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
শনিবার মালদ্বীপের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সোলিহ মালদ্বীপের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেছেন। ইয়ামিন নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে সময় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
নির্বাচন কমিশনের মহাসচিব সালাহ রাশীদ জানিয়েছেন, নির্বাচনে মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা সোলিহ ১৬ দশমিক দুই শতাংশ ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।
গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ৮৯ দশমিক দুই শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমেদ শরীফ জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনের বিষয়ে ৪২৩টি অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন, এর মধ্যে ১৯৪টি অভিযোগ অনিষ্পন্ন অবস্থায় আছে।
রাজধানী মালেতে এক সংবাদ সম্মেলনে শরীফ বলেছেন, “অভিযোগ ব্যুরো ও কমিশন এ সিদ্ধান্তে এসেছে যে, কমিশনে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে তার কোনোটিতেই নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়বে না।”
এ সময় তিনি জানান, রোববারের নির্বাচনের পর থেকে পাঁচ নির্বাচন কমিশনারের সবাইকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা বেশ কয়েকটি ফোন কল পেয়েছি যেগুলোতে আমাদের শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। আমরা এগুলোকে আমলে নেইনি, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগগুলো সব কমিশনারের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছে।”
মালদ্বীপের পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্বাচনের ফলাফল অনুমোদন করবে।
নির্বাচনের পরদিন সোমবার ইয়ামিন পরাজয় মেনে নিয়ে জয়ী সোলিহকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু পরে তার দলের পক্ষ থেকে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণায় দেরি করার অনুরোধ জানানো হয়। নির্বাচনের ফলাফল বানচাল করার উদ্যোগ নিতেই অনুরোধটি করা হয়েছে বলে বিশ্বাস বিরোধীদলীয় কিছু নেতার।
মালদ্বীপের সংবিধান অনুযায়ী আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন প্রেসিডেন্ট ইয়ামিন। তিনি রাজনৈতিক বিরোধীদের কারাগারে পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে ভিন্নমত পোষণকারীদের দমন করেছিলেন। এ কারণে নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব করতে তার করা অনুরোধ শঙ্কা সৃষ্টি করেছিল।
