২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের উত্তরাঞ্চলে লড়াইয়ের তীব্রতা বাড়ছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় চার প্রদেশে বাড়তে থাকা তীব্র লড়াইয়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য ও তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 04:41 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

সৈন্য সংখ্যা না বাড়ানো হলে সার-এ পুল প্রদেশের রাজধানী তালেবানদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা; রোববার রাতে জঙ্গিগোষ্ঠীটি সেখানে হামলা শুরু করে বলে খবর বিবিসির।

এর মধ্যেই জাওঝান প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো তালেবানদের হাতে চলে গেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

আফগানিস্তানের সরকার ও তালেবানদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা লড়াই বন্ধে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ সত্বেও সহিংসতা অব্যাহত আছে।

প্রকাশিত খবরে জানা গেছে, সার-এ পুল প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র বলেছেন, জঙ্গিরা সার-এ পুল শহরের পূর্বদিকে জড়ো হচ্ছে। সরকার আরও সেনা না পাঠালে ‘তালেবানের হাতে কেন্দ্রটির পতন হতে পারে’ বলে সতর্ক করেছেন তিনি।

ইতোমধ্যে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের যোদ্ধারা শহরটির কেন্দ্রস্থল থেকে ৫ কিলোমিটারের মধ্যে থাকা নিরাপত্তা চৌকিগুলো দখল করে নিয়েছে। 

তালেবান বিদ্রোহীরা সামানগান প্রদেশে পুলিশের এক নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে ১৪ নিরাপত্তারক্ষীকেও হত্যা করেছে। কুন্দুজের দাস্ত-এ-আর্কি জেলার একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে আরও অন্তত ১৫ সেনাকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে সরকারি বাহিনীগুলো অনেকগুলো বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।

অগাস্টে অল্প সময়ের জন্য দেশটির রাজধানী ও দক্ষিণাঞ্চলের মধ্যকার প্রধান মহাসড়কের ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ শহর গজনি দখল করে নিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি।