২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্যাসিস্ট বিজেপি সরকার’ শ্লোগানে ছাত্রী গ্রেপ্তার, পরে জামিন

ভারতে একটি ফ্লাইটের ভিতরে এক বিজেপি নেত্রীর উপস্থিতিতে ‘নিপাত যাক মোদী-বিজেপি-আরএসএস ফ্যাসিস্ট সরকার’ শ্লোগান দেওয়ার পর গ্রেপ্তার হয়েছেন এক নারী শিক্ষার্থী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 03:54 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

সোমবার তামিল নাডুর টুটিকোরিন বিমানবন্দরে নামার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর এনডিটিভির।

পরে মঙ্গলবার ওই শিক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়।

তামিল নাডু বিজেপির সভানেত্রী তামিলিসাই সুন্দরারাজন ওই ফ্লাইটটিতে ছিলেন এবং তিনি বিমানবন্দর পুলিশের কাছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সুন্দরারাজন বলেছেন, “সে একজন সাধারণ যাত্রী নয়, আমার সন্দেহ তার পেছনে কোনো কট্টরপন্থি সংগঠন রয়েছে।”

২৮ বছর বয়সী লোয়িস সোফিয়া কানাডায় গবেষণা শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছেন। তিনি ও সুন্দরারাজন চেন্নাই থেকে টুটিকোরিনগামী ওই ফ্লাইটটিতে ছিলেন।

সামনের দিকে বসা বিজেপি নেত্রী তার ব্যাগ নিতে এসে সোফিয়ার কাছাকাছি হন, আর তখনই সোফিয়া ওই শ্লোগানটি দেন বলে অভিযোগ সুন্দরারাজনের।

টুটিকোরিন বিমানবন্দরে নামার পর সোফিয়াকে গ্রেপ্তার করা হয় এবং সুন্দরারাজন বিমানবন্দর পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

বিমানবন্দরে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায় বিজেপি নেত্রী রাগতভাবে জিজ্ঞেস করছেন, “সে কীভাবে এমন চিৎকার করতে পারলো?এটি কোনো পাবলিক ফোরাম না।”    

সোফিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্যে উপদ্রব’ সৃষ্টি ও ‘সতর্কতা জারির পরিস্থিতি তৈরির উদ্যোগ’ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সোফিয়ার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এএ সামিও পুলিশের কাছে তামিলনাডুর বিজেপি প্রধান ও অন্য কয়েকজন ‘অপরাধের হুমকি সৃষ্টিকারীর’ বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ অভিযোগটি রেজিস্ট্রার করেনি বলে জানিয়েছে এনডিটিভি। 

সামি জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী তাদের কন্যাকে চেন্নাই বিমানবন্দরে রিসিভ করার পর তাকে নিয়ে বিমানযোগে টুটিকোরিনের উদ্দেশ্যে রওনা দেন। তারা টুটিকোরিনে নামার পর কিছু লোক তার কন্যাকে ঘিরে ধরে কটুক্তি করে।

নিরাপত্তার জন্য এই পরিবারটি একটি ঘরে আশ্রয় নিতে বাধ্য হয় বলে জানা গেছে।  

সোফিয়াকে ঘিরে ধরা ওই লোকজন তার দলের ক্ষুব্ধ কর্মী বলে সাংবাদিকদের জানিয়েছেন সুন্দরারাজন।

সোফিয়া একজন লেখক ও একজন গণিতজ্ঞ। এর আগে তিনি টুটিকোরিনে স্টেয়ারলাইট কপার প্ল্যান্ট ও চেন্নাই-সালেম আট লেনের এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

গ্রেপ্তারের আগে টুইটারে এক পোস্টে তিনি লিখেছিলেন, “একই ফ্লাইটে তামিলিসাই সুন্দরারাজনের সঙ্গে আছি আমি এবং সত্যি সত্যি চিৎকার করে বলতে চাইছি, ‘নিপাত যাক মোদী-বিজেপি-আরএসএস ফ্যাসিস্ট সরকার’। আমাকে কি ফ্লাইট থেকে বহিষ্কার করা হবে?”

সোফিয়াকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের সমালোচনা করে তার মুক্তি দাবি করেছেন তামিলনাডুর আঞ্চলিক রাজনৈতিক দল ডিএমকের প্রধান এমকে স্ট্যালিন।

স্ট্যালিন বলেছেন তিনিও সোফিয়ার শ্লোগানটি দিবেন এবং প্রশ্ন করেন, “এ ধরনের শ্লোগান যার তুলবে তাদের সবাইকেই যদি তোমরা আটক করতে চাও তাবে কতো লাখ লোককে তোমার জেলে পুরবে?”