২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় প্লাস্টিকে মোড়া ১৪ নবজাতকের দেহ উদ্ধার

ভারতের কলকাতায় একটি খালি প্লটে ১৪টি নবজাতক শিশুর ‍মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 08:29 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

পুলিশ জানায়, দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার রাজা রামমোহন সরণির ওই প্লটে রোববার পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় শ্রমিকরা ঝোপের ভেতর প্ল্যাস্টিকের ব্যাগে মোড়া ওই মৃতদেহগুলো দেখতে পায়।

এলাকাটির আশেপাশে অবৈধ গর্ভপাতে জড়িত চক্র এর পেছনে থাকতে পারে বলে ধারণা কলকাতা পুলিশের। মৃতদেহগুলো অর্ধগলিত বা পুরো গলিত অবস্থায় পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “কোথা থেকে ওই মৃতদেহগুলো এখানে ফেলা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য এখনো আমাদের হাতে নেই। তবে প্রাথমিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যেহেতু ফাঁকা প্লটটিতে কেউ আসে না তাই মৃতদেহগুলো গায়েব করতে এখানে ফেলা হয়েছে।”

খবর পেয়েই মেয়র শোভন চট্টপাধ্যায় এবং পুলিশ কমিশনার রাজীব কুমার ঘটনাস্থলে যান বলে জানায় এনডিটিভি।

আরও এ রকম দেহ আছে কিনা খুঁজে দেখা হচ্ছে এবং কিভাবে দেহগুলো ওখানে এল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।