২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলিকপ্টারে চড়ে অফিস, বিতর্কের ঝড়ে ইমরান খান

ক্ষমতায় আসার পর সরকারি ব্যয় কমাতে নানা উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়ার পর এখন হেলিকপ্টারে চড়ে অফিসে গিয়ে বিতর্ক আর সমালোচনার ঝড়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 08:29 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানিয়েছে, বানিগালায় নিজের বাসভবন থেকে প্রধানমন্ত্রী ভবনে (যেখানে দাপ্তরিক কাজকর্ম করেন ইমরান) ইমরান যাতায়াত করছেন হেলিকপ্টারে।

অথচ এই ইমরানই গত ১৯ অগাস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, দেশকে অর্থনৈতিক সংকটমুক্ত করতে হলে জনপ্রতিনিধিদেরকে বুঝেশুনে খরচ করতে হবে। সাধারণ জীবনযাপন করতে হবে।

প্রধানমন্ত্রী হিসাবে প্রাপ্য বিলাসবহুল বাংলোয় থাকতেও তিনি অস্বীকৃতি জানান এবং এটিকে বিশ্ববিদ্যালয় হিসাবে ব্যবহারেরও পরামর্শ দেন ইমরান। সাড়ে পাঁচশো জন তদারককারির বদলে তিনি মাত্র ২ জন কর্মী রাখার কথা বলেন। তাছাড়া, বিগত প্রশাসনের অর্ডার দেওয়া ৩৩ টি বিলাসবহুল যানও নিলাম করার কথা বলেছিলেন ইমরান।

কৃচ্ছ্র সাধনের এমন কথা বলে এখন নিজেই হেলিকপ্টারে ব্যায়বহুল ভ্রমণ করার কারণে স্যোশাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা হয়েছে। হাসির পাত্রেও পরিণত হয়েছেন তিনি। টুইটারে কেউ কেউ অটোরিকশার সঙ্গে হেলিকপ্টারের পাখা আর লেজ জুড়ে দিয়ে ইমরানকে নিয়ে মস্করা করেছেন।

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এবং ইমরানের দল পিটিআই এর এক নেতা দাবি করেছেন, বানিগালার বাড়ি থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের পথের দূরত্ব পেরোতে হেলিকপ্টারে যাত্রা করা অনেক সস্তা। কিলোমিটারে মাত্র ‘৫৫ রুপি’। তবে হেলিকপ্টারে যাত্রা এত সস্তা হবে তা মানুষ মানতে রাজি নয়।

ইমরানের আরেক সহযোগী আবার বলেছেন, হেলিকপ্টারে প্রতিটি ট্রিপে খরচ হয় ৪০ হাজার রুপি। তবে স্থানীয় বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, এরকম উড়ানে মোট খরচ হয় আনুমানিক দুই থেকে তিন লাখ রূপি।

এডব্লিউ১৩৯ হেলিকপ্টারে চড়েন ইমরান খান। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি-ভিত্তিক ম্যাগাজিন বিজনেস জেট ট্র্যাভেলার জানিয়েছে, এরকম একটি ব্র্যান্ডের নতুন হেলিকপ্টারের দাম ১ কোটি ১০ লাখ ডলার।

ম্যাগাজিনটি প্রতিটি খাতে এডব্লিউ১৩৯ হেলিকপ্টারের খরচের হিসাব আলাদাভাবে দেখিয়েছে। বলা হয়েছে, এ হেলিকপ্টারের মোট বাঁধা খরচ ১,৭৪৭ ডলার, ইউনিট ডিসটেন্সে মোট বাঁধা খরচ প্রতি কিলোমিটারে ২১ ডলার, মোট বিবিধ খরচ ঘণ্টায় ৭৭ ডলার, মোট জ্বালানি খরচ ঘন্টায় ৫৭১ ডলার। মোট এমএক্স খরচ ঘণ্টায় ১২২২, এবং পরিবর্তনশীল খরচ ঘন্টায় ১৮৭১।

প্রশ্ন ওঠে, তাহলে কৃচ্ছ্র সাধনের কথা যেখানে বলা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী কেন এমন একটি দামী পরিবহন ব্যবহার করছেন?

এ ব্যাপারে তার এক ঘনিষ্ঠ সহযোগী এবং পিটিআই নেতাদের দাবি,  ইমরান সবসময়ই ভিআইপি কালচারের নিন্দা-সমালোচনা করে এসেছেন। এখন প্রধানমন্ত্রী হিসাবে তিনি রাস্তায় জ্যাম সৃষ্টি করতে চান না। তিনি সড়কপথে না যাওয়ার ফলে ট্রাফিক জ্যাম হচ্ছে না। দাঁড়িয়ে থাকতে হচ্ছে না কোনো গাড়িকে।

তাছাড়া, হেলিকপ্টারে চড়ার ফলে সড়কপথে প্রধানমন্ত্রীর কনভয়ে ৫-৭টা গাড়ির তেল পুড়িয়ে অনেক সময় নিয়ে কার্যালয়ে যেতে হচ্ছে না। খুব কম সময়ে প্রধানমন্ত্রী গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। ফলে সব দিক দিয়েই সাশ্রয় হচ্ছে।

তবে মন্ত্রী, নেতাদের এমন যুক্তি শুনে দেশ জুড়ে সমালোচনা আরো বেড়েছে। বিশেষ করে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি হেলিকপ্টারের সস্তা খরচের যে দাবি করেছেন তা নিয়েই স্যোশাল মিডিয়ায় নিন্দা-সমালোচনা হয়েছে বেশি।

খরচ যখন এতই কম তখন সাধারণ মানুষের অফিস যাওয়ার জন্যও ইমরান বরং হেলিকপ্টারই চালু করুন এমন পরামর্শও দিয়েছেন কেউ কেউ।