২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু-কাশ্মিরের শোপিয়ানে জঙ্গি হামলা, ৪ পুলিশ নিহত

জম্মু ও কাশ্মিরের শোপিয়ান জেলায় জঙ্গি হামলায় চার পুলিশ নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 09:20 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

হামলার পর জঙ্গিরা পুলিশের তিনটি একে৪৭ রাইফেল লুট করে পালিয়ে যায় বলে জানায় এনডিটিভি।

পুলিশ জানায়, তাদের একটি দল গাড়ি সারাতে আরহামা ফলের বাজারের কাছে একটি অটোমোবাইল ওয়ার্কশপে যাচ্ছিল। পথে ভারি অস্ত্রসজ্জিত জঙ্গিরা অতর্কিতে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

ঘটনাস্থলেই দুই পুলিশ নিহত হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করলেও জঙ্গিদের কাউকে পায়নি। ধারণা করা হচ্ছে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নিহত পুলিশ সদস্যরা হলেন, কন্সটেবল ইশফাক আহমদ মীর, কন্সটেবল জাভিদ আহমদ ভাট, কন্সটেবল মোহাম্মদ ইকবাল মীর এবং এসপিও আদিল মানজুর ভাট।

এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে এবং তদন্ত ‍শুরু হয়েছে।

গত সপ্তাতে জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী হামলায় একজন পরিদর্শকসহ তিন পুলিশ নিহত হন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তারা ছুটিতে ছিলেন।