২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রোবটিক রেস্তোরাঁ বানাল নেপাল

দেশীয় প্রযুক্তির ওপর ভরসা রেখে এই প্রথম একটি রোবটিক রেস্তরাঁ বানিয়েছে নেপাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 10:10 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর এ রেস্তরাঁটি নাম ‘নাউলো’, যার অর্থ ‘নতুন’। ‘হয়্যার ফুড মিটস টেকনোলজি’ শ্লোগানে রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়েছে।

রোবটই এ রেস্তোরাঁয় খাবার পরিবেশনের কাজ করছে। মাত্র পাঁচটি রোবট দিয়ে করানো হচ্ছে এ কাজ। এর মধ্যে তিন রোবটের নাম জিঞ্জার এবং  দুই রোবটের নাম ফেরি।

রেস্তরাঁটির নকশা তৈরি করেছে পাইলা টেকনোলজি নামের একটি সংস্থা। মাত্র ৬ জন প্রকৌশলী মিলে এ রোবটিক রেস্তরাঁ বানিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

নাউলো রেস্টুরেন্ট ও পাইলা টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা বিনয় রাউত বলেন, “শুধু নেপালই নয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন ডিজিটাল রোবটিক রেস্তোরাঁ দক্ষিণ এশিয়াতেও এটিই প্রথম। আমাদের বিশ্বাস এ সার্ভিস রোবটগুলো বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির এবং এগুলো পরিচালনা করাও অত্যন্ত সহজ।”

শুধু খাবার পরিবেশনের কাজেই যে এ রেস্তরাঁয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা নয়। রেস্তরাঁর প্রতিটি টেবিলে আলাদা করে বসানো হয়েছে ডিজিটাল স্ক্রিনের মেনু অপশন।

ডিজিটাল স্ক্রিনের এ মেন্যুবুকের মাধ্যমে অভ্যাগতরা টেবিলে বসেই সরাসরি রান্না ঘরে খাবারের অর্ডার দিতে পারবেন।

অনেকটা মোবাইলের টাচ স্ক্রিনের মতো বিভিন্ন অপশন থেকে নিজের পছন্দের খাবার বেছে নেওয়া যাবে। এরপর   সিটে বসে সুইচ টিপলেই অর্ডার সরাসরি চলে যাবে রান্নাঘরে।

খাবার তৈরির পর রান্নাঘর থেকে রোবটগুলো তা নিয়ে এসে টেবিলে পরিবেশন করবে।

রোবটদের মধ্যে জিঞ্জাররা একটু বেশি বুদ্ধিমান। এরা নেপালি এবং ইংরেজি দুই ভাষাতেই সাবলীল। বুদ্ধিমান এ রোবটগুলো সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া এমন কি কোনো ধাঁধারও সঠিক উত্তর দিতে সক্ষম।