২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার পর কেরালায় সাপের উপদ্রব

ভারতের কেরালায় বন্যার পানি কমতে শুরু করলেও সেখানে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 12:10 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

রাজ্য সরকার থেকে বাড়ি ফিরতে শুরু করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাপ ধরতে রাজ্য জুড়ে বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। এছাড়া সব হাসপাতালগুলো সাপে কামড়ানো রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-ভেনম ওষুধ নিয়ে প্রস্তুত আছে।

বাড়িতে সোফা বা আলমারির মত আসবাব, কার্পেটের নিচে, ওয়াশিং মেশিনের ভেতর বা কাপড়ের স্তুপের মধ্যে সাপ লুকিয়ে থাকতে পারে আশঙ্কায় স্থানীয় সরকার থেকে জনগণকে বাড়ি ফিরে এগুলোতে হাত দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার থেকে বলা হয়, বন্যার কারণে সাপ-বিচ্ছুসহ অনেক বিষাক্ত পোকমাকড় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক নারীকে লাঠি দিয়ে বাড়ি মেরে শব্দ তৈরি করে প্রায় তিন মিটার লম্বা একটি অজগরকে তার বাগান থেকে তাড়িয়ে দিতে দেখা যাচ্ছে।

 

সরকারের এক মুখপাত্র বলেন, “বন্যা দুর্গত অনেক এলাকায় বাড়িঘরের ভেতর সাপ খুঁজে পাওয়া গেছে। লোকজন বাড়ি ফিরতে শুরু করা এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।”

স্থানীয় সাপুড়ে বাবা সুরেশ হিন্দুস্তান টাইমসকে বলেন, ইরনাকুলাম জেলা থেকে তিনি এখন পর্যন্ত পাঁচটি কোবরা ধরেছেন।

“একটি বাড়ির দোতালার একটি ওয়্যারড্রোবের ভেতর আমি একটি সাপ পেয়েছি। আরেকটি পেয়েছি একটি তাকের উপর।”

গত জুন থেকে কেরালার ইতিহাসের ভয়াবহতম বন্যায় প্রায় চারশ মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।

এখনও বহু ‍মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তবে বন্যার ‍পানি নেমে যাওয়ায় অনেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে।