২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুসলমানদের ৯-১০ সন্তান, তাই বাড়ছে খুন-ধর্ষণ’, মন্তব্য বিজেপি সাংসদের

ভারতের মুসলমানরা তিন-চারটে বিয়ে করে একাধিক সন্তানের জন্ম দেওয়ায় দেশে খুন ও ধর্ষণের পরিমাণ বাড়ছে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরি ওম পান্ডে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 02:52 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

জনসংখ্যা বাড়িয়ে মুসলমানরা একদিন ভারতের মধ্যেই আলাদা রাষ্ট্রের দাবি তুলতে পারে বলেও শঙ্কা তার।

আরও একটা দেশভাগ ঠেকাতে সংসদে জন্ম নিয়ন্ত্রণের বিল আনা উচিত, আম্বেদকার নগর থেকে নির্বাচিত হরি শুক্রবার এ মন্তব্য করেছেন বলেও জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। 

“মুসলিমরা তিন-চারটে বিয়ে করেন। ৯-১০টা সন্তানের জন্ম দেন। ফলে দিন দিন মুসলিম জনসংখ্যা বাড়ছে। তাঁরা কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারে না। বেকার থাকে। তার জেরে বাড়ছে খুন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা। এরকম চলতে থাকলে একদিন দেশের মধ্যেই আরেকটা পাকিস্তানের দাবি তুলবেন মুসলিমরা,” স্থানীয় সংবাদ মাধ্যমকে শুক্রবার এমনটাই বলেছেন হরি। 

এর আগেও উত্তর প্রদেশের বেশ কজন বিজেপি সাংসদ ‘হিন্দুদের পাঁচটি সন্তানের জন্ম দেওয়া উচিত’, কিংবা ‘যারা ভারত মাতা কি জয় বলে না, তারা পাকিস্তানি’ এমন উস্কানি ও বিদ্বেষমূলক মন্তব্য করে দেশ-বিদেশে খবরের শিরোনাম হয়েছিলেন। সে তালিকায় নতুন করে যুক্ত হল হরি ওম পান্ডের নাম।

তার এ বক্তব্য ঘিরে রাজ্যজুড়ে তুমুল সমালোচনা চলছে বলে জানিয়েছে আনন্দবাজার।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও বলছেন, উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতি নিয়ে সব সময়ই উদ্বেগ ও উত্তেজনার আশঙ্কা থাকে। সে কারণে এই ধরনের কথার বিপদ সম্পর্কে আইনপ্রণেতা ও দায়িত্বশীলদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।