২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাগারে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক কারাগারের ভিতরে শীর্ষ এক সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে অপর এক কারাবন্দি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 11:10 AM

Updated : 08 Apr 2022, 06:40 PM

সোমবার রাজ্যের বগপাত কারাগারে এ ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভির।

এ দিন স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় অপর এক কারাবন্দি কারাগারের ভিতরেই তাকে গুলি করে, এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।   

নিহত মুন্না বজরঙ্গীকে সোমবার সকালে আদালতে হাজির করার কথা ছিল। এ উদ্দেশ্যে রোববার তাকে ঝাঁসি থেকে বগপাত কারাগারে পাঠানো হয়েছিল।

বিজেপির এক আইনপ্রণেতার খুনের মামলার শুনানিতে বজরঙ্গীকে আদালতে হাজির করার কথা ছিল।

এক ব্যবসায়ীর কাছে এক কোটি রুপি চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে ২০০৯ এর অক্টোবরে মুন্না বজরঙ্গী ওরফে প্রেম প্রকাশকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশের বিশেষ সেল। এরপর বেশ কয়েকটি খুনের ও চাঁদাবাজির মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

কয়েকদিন আগে বজরঙ্গীর স্ত্রী পুলিশকে জানিয়েছিল, বজরঙ্গীকে হত্যার জন্য ছক কষা হয়েছে।

বজরঙ্গী হত্যার কিছুক্ষণের মধ্যেই উত্তর প্রদেশের বিরোধীদলগুলো আইনশৃঙ্খলার দুর্বলতার জন্য রাজ্যের বিজেপি সরকারকে দায়ী করেছে।

অপরদিকে কারাগারের ভিতরে হত্যাকাণ্ডকে ‘গুরুতর বিষয়’ আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে কারাপ্রধানকে বরখাস্ত করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।