ভারতে পটকার গুদামে আগুন লেগে ১১ জনের মৃত্যু
ভারতের তেলেঙ্গানা রাজ্যে পটকার গুদামে আগুন লেগে ১১ জন মারা গেছেন।
বুধবার রাজ্যের ওয়ারাঙ্গাল রুরাল জেলার কোটালিনগালা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
স্থানীয় সময় দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজও পরিচালনা করছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
আগুন ছড়িয়ে পড়ার সময় গুদামটিতে প্রায় ১৫ জন লোক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় ধরনের ওই আগুনটি দেখার আগে তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আহত পাঁচ ব্যক্তিকে ওয়ারাঙ্গাল শহরের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে।
